বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় বেড়েছে করোনা শনাক্তের হার
বরিশাল বিভাগে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা। আর এ সময়ে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের। আজ শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো করোনা-বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৪০৬ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৭৩। এর আগের ২৪ ঘণ্টায় ৫২৭ জনের নমুনা পরীক্ষায় বিভাগে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭৫। এ ছাড়া বিভাগে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছিল।
এক দিনে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশালে সর্বোচ্চ ২৪ জন। এ ছাড়া ভোলায় ২৭, বরগুনায় ৭, পটুয়াখালীতে ৪, পিরোজপুরে ৩ ও ঝালকাঠিতে ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১২ জন মারা গেছেন। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে মহামারির শুরু থেকে আজ অবধি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ১ হাজার ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনের করোনা পরীক্ষার প্রতিবেদন অপেক্ষমাণ। এ ছাড়া বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৬৮৮ জন। আর করোনা শনাক্ত হয়েছে ৫২ হাজার ২০৮ জনের।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই সংক্রমণের হার ও পরিমাণ কমেছে। তবে শনাক্ত রোগী কমলেও মৃত্যু বাড়ছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা সবাই বার্ধক্য ও অন্যান্য অসংক্রামক রোগে ভুগছিলেন। এ ছাড়া তাঁদের বেশির ভাগই করোনা টিকা নেননি।
পরিবারের বয়স্ক ব্যক্তিদের সুরক্ষায় আরও যত্নশীল হওয়ার পাশাপাশি কম বয়সীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দেন শ্যামল কৃষ্ণ।