বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু
বরিশাল বিভাগে করোনা শনাক্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) কমেছে। তবে নমুনা পরীক্ষা হয়েছে স্বাভাবিক সময়ের প্রায় তিন ভাগের এক ভাগ। ২৪ ঘণ্টায় বিভাগে ৫৬৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৯৮। এই সময়ে করোনায় ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৬ জনসহ ১১ জনের মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগের ২৪ ঘণ্টায় এই বিভাগে ১ হাজার ৯৮৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৪৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। এই সময়ে করোনা ও এর উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ৫ জন। তাঁদের মধ্যে তিনজনই বরিশাল জেলার বাসিন্দা। বাকি ব্যক্তিদের মধ্যে বরগুনা ও ঝালকাঠির একজন করে আছেন। এ নিয়ে বিভাগে করোনায় ৫৯০ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা যান ৬ জন। এ নিয়ে হাসপাতালে মোট ৯০৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে ৫০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন শনাক্ত হওয়া ১৭০ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৪৭ জন, পটুয়াখালীতে ২০ জন, ভোলায় ৯৩ জন, পিরোজপুরে ৭ জন, বরগুনায় ২ জন ও ঝালকাঠিতে ১ জন আছেন। এ নিয়ে বিভাগে মোট ৪০ হাজার ৫৯২ জনের করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৭ জন বরিশাল জেলার বাসিন্দা। এ ছাড়া পটুয়াখালীতে ৫ হাজার ৫৮১ জন, ভোলায় ৫ হাজার ৬২০ জন, পিরোজপুরে ৪ হাজার ৯৬০ জন, বরগুনায় ৩ হাজার ৪৮৬ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
বরিশাল বিভাগে ৭ আগস্ট থেকে করোনা শনাক্তের সংখ্যা ও হার কমতে থাকে। এই এক সপ্তাহে চার দিনই শনাক্তের সংখ্যা ৪০০-এর নিচে ছিল। এর মধ্যে এক দিন ছিল ১৯৫ জন। শনাক্তের হার ২৩ থেকে ২৯ এর মধ্যে ওঠানামা করছে। এর আগে পুরো জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৬০০-এর ওপরে ছিল। আর শনাক্তের হার ৩৯ থেকে ৪৬ এর মধ্যে ছিল। তবে মৃত্যুহার এখনো ঊর্ধ্বমুখী। এই হার ১ দশমিক ৪৫। তবে এই হার বরগুনায় বেশি, ২ দশমিক ৩৫ শতাংশ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, করোনা শনাক্তের সংখ্যা এক সপ্তাহ ধরে কিছুটা কম। তবে এটা এখনো ২০ শতাংশের ওপরেই আছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং বৈরী আবহাওয়ার কারণে নমুনা সংগ্রহ কম হয়েছে। এ জন্য শনাক্তের সংখ্যা কমেছে বলে মনে হচ্ছে। কিন্তু শনাক্তের হার কমেনি। আর মৃত্যুহারও কমেনি। টিকা কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর সঙ্গে স্বাস্থ্যবিধি পালনে সাধারণ মানুষ সচেতন হলেই দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব।