বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক শূন্য ৮ শতাংশ। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৭ জন করোনায় এবং বাকি ৬ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন বরগুনার, পটুয়াখালীর ২, ঝালকাঠি ও বরিশালে ১ জন করে রয়েছেন। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩৮৪।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন করে শনাক্ত ৬০০ জনের মধ্যে বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ১৯৭ জন নিয়ে মোট ১০ হাজার ৯৮৫ জন, পটুয়াখালী জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট ৩ হাজার ২০৬ জন, ভোলা জেলায় নতুন ৬১ জনসহ মোট ২ হাজার ৫৮৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৯৬ জনসহ মোট ৩ হাজার ৫৬৪ জন, বরগুনা জেলায় নতুন ৭০ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২২৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, বরিশাল বিভাগে বেশ কয়েক দিন ধরেই সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। ঈদে প্রচুর লোক গ্রামে ফিরছে। অনেক ক্ষেত্রেই তারা স্বাস্থ্যবিধি মানছে না। সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন না হলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।