বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৮৪১
বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৮৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮২৬ জনের নমুনা পরীক্ষায় ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ে এই বিভাগে করোনা ও এর উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ বলছে, ২১ থেকে ২৪ জুলাই পর্যন্ত বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা ১৫০ থেকে ২৭৪–এর মধ্যে সীমাবদ্ধ ছিল। ঈদের কারণে নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্ত কম হলেও মৃত্যুহারে ঊর্ধ্বগতি ছিল।
আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন শনাক্ত ৮৪১ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৩৮২ জন নিয়ে মোট শনাক্ত ১২ হাজার ৬৮৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন নিয়ে মোট ৩ হাজার ৬৬৬ জন, ভোলায় ১৩৭ জনসহ মোট ৩ হাজার ১০৬ জন, পিরোজপুরে ৭৬ জনসহ মোট ৪ হাজার ৬ জন, বরগুনায় ৭৯ জন নিয়ে মোট শনাক্ত ২ হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠিতে ৬০ জন নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৪ জন।
২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৮ জন। তাঁদের মধ্যে সাতজনই বরগুনা জেলার। পিরোজপুর জেলার একজন। এ নিয়ে বিভাগে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৪২৮ জন।
করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় মারা যান ১০ জন। তাঁরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপতালের করোনা ইউনিটে মারা যান। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে ৭৩৪ জন এবং করোনা পজিটিভ রোগী মারা যান ২৮৩ জন।
মৃত্যুহার বেশি বরগুনায়
মে মাসের মাঝামাঝি এই বিভাগে দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি—এই তিন জেলায় সংক্রমণ ও মৃত্যু বেশি থাকলেও বাকি তিন জেলায় তা অনেক কম ছিল। কিন্তু এক সপ্তাহ ধরে বরগুনা, পটুয়াখালী, ভোলা—এই তিন জেলায়ও সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুহার।
বিভাগে গড় মৃত্যুহার ১ দশমিক ৪৪ হলেও বরগুনা জেলায় তা ২ দশমিক ৩৬। বরগুনায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ৭ জন। বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুহার পটুয়াখালী জেলায় ১ দশমিক ৯৪। সবচেয়ে কম ভোলায়, শূন্য দশমিক ৯৭ শতাংশ। আর শনাক্ত সবচেয়ে বেশি বরিশালে, এই হার ৪৮ দশমিক ৬৬। দ্বিতীয় সর্বোচ্চ ভোলায় ৪৭ দশমিক ৫৭ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ হার বরগুনায় ৩১ দশমিক ৯৮। তবে পিরোজপুর ও ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ অনেকটা কমেছে। পিরোজপুরে ২৭ দশমিক ৩৪ আর ঝালকাঠিতে ২৪ দশমিক ৫৯ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে জুলাইয়ের প্রথম থেকেই সংক্রমণের ঊর্ধ্বগতি শুরু হয়। ক্রমে তা বাড়ছে এবং হার প্রায় ৪০। ঈদে অনেক মানুষ গ্রামে ফিরেছেন। তাঁদের বেশির ভাগই গ্রামে আছেন। এ জন্য উদ্বেগটা এবার আরও বেশি। তাই সামনের এক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ ও ভয়াবহ। স্বাস্থ্যবিধির ব্যাপারে মানুষ সচেতন না হলেও পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে।