বরিশাল বিমানবন্দরে আটক ইউপি চেয়ারম্যান কারাগারে
সিগারেটের প্যাকেটে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়েন। এরপর গিলে ফেলেও রক্ষা পাননি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ খান। বিমানবন্দর কর্তৃপক্ষের করা মামলায় তাঁকে জেলহাজতে যেতে হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় আবু সাঈদকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শামীম আহমেদ তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপক গত রাতে একটি লিখিত অভিযোগসহ চেয়ারম্যান আবু সাঈদ খানকে থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয় এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক মো. আবদুর রহিম তালুকদারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার বিকেল পৌনে চারটায় বরিশাল থেকে ঢাকাগামী নভোএয়ার বিমানের যাত্রী ছিলেন আবু সাঈদ খান। বিমানবন্দরের সর্বশেষ গেট অতিক্রমকালে স্ক্যানার মেশিনের পরীক্ষার মাধ্যমে আবু সাঈদ খানের ব্যাগে লাইটার দেখতে পাওয়া যায়। এরপর তাঁকে লাইটারটি বের করতে বললে তিনি কিছু নেই বলে জানান। তারপর ব্যাগটি আবার মেশিনে দেওয়া হলে লাইটারের পজিশন নিশ্চিত করা হয়। এরপর আবু সাঈদ খান ব্যাগটির ভেতর থেকে হলিউড ব্রান্ডের একটি সিগারেটের প্যাকেট বের করেন, যার মধ্যে লাইটারটি ছিল।
লাইটার ফেলার সময় নিরাপত্তাকর্মীরা দেখতে পান, সিগারেটের প্যাকেটের মধ্যে কালো কার্বনে মোড়ানো কিছু একটা আছে। আবু সাঈদকে জিজ্ঞাসা করা হলে তিনি কার্বনে মোড়ানো বস্তুটি বের করে খেয়ে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের কাছে স্বীকার করেন, ওর ভেতরে ইয়াবা ছিল। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিভিল অ্যাভিয়েশন সদর দপ্তরকে জানান। এরপর আবু সাঈদ খানের বোর্ডিং পাস বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বিমানবন্দর ব্যবস্থাপক মো. আবদুর রহিম তালুকদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এবং আবু সাঈদ খানকে পুলিশের হাতে সোপর্দ করেন।