বরিশাল বিমানবন্দরের রানওয়ে আরও ৭৫০ ফুট সম্প্রসারণ করা হবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দরকে সর্বাধুনিক বিমানবন্দরে উন্নীত করা হবে। এ জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বরিশাল বিমানবন্দর হবে আধুনিক, যুগোপযোগী ও বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিমানবন্দর।
আজ শনিবার সকালে বরিশাল বিমানবন্দর উন্নয়ন এবং বিমানবন্দর-সংলগ্ন সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে আসেন বিমান প্রতিমন্ত্রী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক। বিমানবন্দর পরিদর্শনে এসে মাহবুব আলী সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের ব্যাপারে আন্তরিক। বরিশাল বিমানবন্দরের বিষয়েও প্রধানমন্ত্রীর আন্তরিক আগ্রহ রয়েছে। তাঁর নির্দেশনায় বরিশাল বিমানবন্দরের রানওয়ে উন্নয়নের কাজে শিগগিরই হাত দেওয়া হবে। এতে বিমানগুলো সুচারু ও নির্বিঘ্নভাবে অবতরণ করতে পারবে। বড় আকারের বিমান অর্থাৎ বোয়িং ৭৭৭ বিমান যেন এই বিমানবন্দরে অবতরণ করতে পারে, সে জন্য রানওয়েকে আরও সাড়ে ৭০০ ফুট সম্প্রসারণের প্রকল্প হাতে নেওয়া হবে।
বরিশাল বিমানবন্দরে যেন ২৪ ঘণ্টা বিমান ওঠানামা করতে পারে, সেই লক্ষ্যে পর্যায়ক্রমে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো, বাংলাদেশের প্রতিটি বিমানবন্দরে যেন ২৪ ঘণ্টা বিমান ওঠানামা করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া। আমরা অনেকগুলো বিমানবন্দরে এ ধরনের ব্যবস্থা নিয়েছি। তবে কোভিডের কারণে বিদেশ থেকে কারিগরি বিশেষজ্ঞ আসতে না পারায় অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারিনি।’
এদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বরিশালে ফ্লাইট চালু হওয়ার পরও যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা চাঙা হয়েছি। দেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এখন সব কটি ফ্লাইট পুরো আসনের যাত্রী নিয়ে যাওয়া-আসা করছে।’
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর নেক নজর রয়েছে। আমরা প্রতিমন্ত্রীকে নিয়ে বিমানবন্দরটি পরিদর্শনে এসেছি। দেশে অভ্যন্তরীণ যতগুলো বিমানবন্দর আছে, তার মধ্যে বরিশাল বিমানবন্দর সবচেয়ে ভালো হবে। এই নিশ্চয়তা এখন আমরা দিতে পারি।’
শিক্ষামন্ত্রীর সফর
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কোভিড-১৯–এর ব্যাপক সংক্রমণের সময় অনলাইন এবং টেলিভিশনের মাধ্যমে ৬০-৬৫ ভাগের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো যায়নি। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগের মতো শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। ফলে শিক্ষার্থীদের কিছুটা ঘাটতি তো হয়েছে। এক শিক্ষাবর্ষেই হয়তো পুরো ঘাটতি কাটিয়ে ওঠা যাবে না।
আজ সকালে গোপালগঞ্জ যাওয়ার পথে বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরও বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয় পুরোদমে কাজ শুরু করেছি। অ্যাসাইনমেন্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথায় কী ঘাটতি আছে, আর শিক্ষকেরাও অ্যাসেস (মূল্যায়ন) করছেন। সারা বিশ্বেই ক্ষতি হয়েছে, আশা করি শিক্ষক-অভিভাবকসহ সবার সহযোগিতায় নিশ্চয়ই আমরা শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, সেটা পুষিয়ে উঠতে পারব।’