বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীর সব পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সেমিস্টারের সশরীর পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ–সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ২৭ জুন থেকে সব বিভাগের সশরীর পরীক্ষা স্থগিত করা করা হলো। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও মৌখিক পরীক্ষা চলবে। সোমবার থেকে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউন শুরু হওয়ায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আজ শনিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিনের সঙ্গে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর ও বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ও লকডাউনের জন্য জরুরি সভা থেকে সশরীর পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সশরীর পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও ভাইভা চলমান থাকবে। প্রক্টর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ২৭ জুন থেকে সব বিভাগের সশরীর পরীক্ষা স্থগিত করা করা হলো। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম ও মৌখিক পরীক্ষা চলবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার বেলা দুইটায় স্বাস্থ্যবিধি মেনে স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীর নেওয়া শুরু হয়। ওই দিন দুটি বিভাগের পরীক্ষা হয়। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার পরে যেসব বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটি।

করোনা সংক্রমণ এড়াতে গত বছরের মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বছরের নভেম্বর থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু হয়।

এর আগে চলতি বছরের শুরুতে সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হলেও সরকারি নিষেধাজ্ঞায় তা বন্ধ হয়ে যায়। এরপর চলতি জুন মাসের প্রথম সপ্তাহে একাডেমিক কাউন্সিলের সভা শেষে অনলাইনে মিডটার্ম ও সশরীর সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।