বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ড দখলে রাখতে দুই পক্ষ মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহিরাগতরা বরিশাল রূপাতলী মিনিবাস টার্মিনালে ঢুকে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করে প্রতিমন্ত্রীর অনুসারী সুলতান আহমেদ ও তাঁর লোকজন। মঙ্গলবার দুপুরে
প্রথম আলো

বরিশাল নগরের রূপাতলী মিনিবাস টার্মিনাল দখল নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী বাসশ্রমিকেরা মুখোমুখি অবস্থান নেওয়ায় আজ মঙ্গলবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে।

বিকেল তিনটার পর পরিস্থিতি অনেকটা শান্ত হয়। তবে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী শ্রমিকনেতা পরিমল চন্দ্র দাস ও শাহরিয়ার বাবু রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। অপর দিকে বরিশাল সদর আসনের সাংসদ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী সুলতান মাহমুদ তাঁদের সমর্থকদের নিয়ে বেলা ১১টা থেকে সেখানে পাল্টা অবস্থান নেন। দুই পক্ষ বিকেল তিনটা পর্যন্ত বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মহড়া দেয়। এতে বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনার পাশাপাশি আতঙ্ক দেখা দেয়।

শ্রমিকদের সূত্রে জানা যায়, বরিশাল রূপাতলী বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। মেয়র সাদিকের অনুসারী পরিমল চন্দ্র দাস সভাপতি ও শাহরিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে শ্রমিক ইউনিয়নের একটি কমিটি করা হয়। একই সঙ্গে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী সুলতান মাহমুদকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাল্টা অপর একটি কমিটি গঠন করা হয় গত বছর। এরপর থেকেই রূপাতলী মিনিবাস টার্মিনালের দখল নিয়ে উত্তেজনা চলছিল টানা কয়েক মাস ধরে।

সুলতান মাহমুদ দীর্ঘদিন ধরেই রূপাতলী বাসশ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের আগস্টের পর সুলতান মাহমুদকে বাদ দিয়ে পরিমল দাস নিজেদের শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শাহরিয়ার বাবু সাধারণ সম্পাদক হিসেবে নিজেরা কমিটি গঠন করে সুলতান সুলতান মাহমুদকে কমিটি থেকে বাদ দেন। পরে সুলতান মাহমুদ প্রতিমন্ত্রীর পক্ষে চলে যান এবং তিনিও আরেকটি কমিটি ঘোষণা করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকেরা। তাঁরা বলছেন, এ অবস্থার বলি হচ্ছেন গরিব, অসহায় ও প্রকৃত শ্রমিকেরা।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী পরিমল চন্দ্র দাস বলেন, ‘আমরা শ্রমিকদের নিয়ে নিজেরা একটি সভা করেছি। একটি পক্ষ দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে চাঁদাবাজি ও শ্রমিকদের নির্যাতন করত। এ থেকে পরিত্রাণে সিটি করপোরেশনের মেয়র শ্রমিকদের একটি নতুন কমিটি করে দেন। সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমাকে সভাপতি করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি বাসস্ট্যান্ডে সভা করেছে। এখানে কারও কোনো গ্রুপিং নেই।’

বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে অবস্থান নেওয়া মেয়রের অনুসারী শ্রমিক ইউনিয়নের নেতারা। মঙ্গলবার দুপুরে
প্রথম আলো

অপর দিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী সুলতান মাহমুদ বলেন, ‘মেয়র সাদিক আবদুল্লাহর করা ওই কমিটি অবৈধ। ওরা বাইরে থেকে বিশেষ করে নথুল্লাবাদ এবং নৌ–শ্রমিক ও সন্ত্রাসীদের নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হয়েছে। ওখানে কোনো শ্রমিক নেই। এমনকি যাঁরা নেতা সেজেছেন, তাঁরা কখনোই শ্রমিক ছিলেন না। আমাদের কমিটিই প্রকৃত শ্রমিকদের বৈধ কমিটি। একজন হুট করে এসে তো শ্রমিকনেতা হতে পারেন না। তাঁকে তো প্রথমে শ্রমিক ইউনিয়নের সদস্য হতে হবে।’

সুলতান মাহমুদ বলেন, মেয়র যে কমিটি করে দিয়েছেন, তার কোনো বৈধতা নেই। দুই কমিটি নিয়ে জামাল নামের একজন শ্রমিক আদালতে মামলা করেছেন। ৩০ মার্চ ওই মামলার রায় ঘোষণা করা হবে।

এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকেরা। তাঁরা বলছেন, এ অবস্থার বলি হচ্ছেন গরিব, অসহায় ও প্রকৃত শ্রমিকেরা। সুমন সিকদার নামের এক শ্রমিক বলেন, ‘আমরা কার্ডধারী শ্রমিক। যেদিন থেকে মেয়র কমিটি করে দিয়েছেন, সেদিন থেকে আমরা কাজ করতে পারছি না। আমাদের কাজে নেওয়া হচ্ছে না। বাইরে থেকে লোক এনে তাঁরা কাজ করাচ্ছেন। এতে আমরা বেকার হয়ে পড়েছি। পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছি।’ নেওয়াজ হোসেন নামের অপর এক শ্রমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এর একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের স্বস্তি আসবে না।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, বাসস্ট্যান্ডে দুই দল শ্রমিকের সভা হয়েছে। এ নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি একটি ব্যস্ততম সড়ক হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করছে।

তবে শ্রমিকদের আশঙ্কা, পাল্টাপাল্টি দুই পক্ষের মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ক্ষেত্রে প্রশাসন ও রাজনীতিবিদের শ্রমিকদের স্বার্থ এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় এ অবস্থার নিরসনে উদ্যোগ নেওয়া দরকার।