বরিশালে অভয়াশ্রমে ইলিশ ধরায় ২৩ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশের অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে বরিশালে আটক জেলেরা
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়াশ্রমে ইলিশ মাছ শিকার করার অভিযোগে বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। জেলা মৎস্য বিভাগের সহায়তায় আজ বুধবার সকাল ছয়টা থেকে বিকেল পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য বিভাগ জানায়, আটক জেলেদের মধ্যে ২৩ জনকে ৫ থেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ও জাবেদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। জেলেদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশসহ সব ধরনের মাছের বেড়ে ওঠার সুযোগ দিতে দেশের ছয়টি ইলিশ অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে মাছ ধরার ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। ১ মার্চ এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ শিকার করছিলেন। অন্যদিকে নিষেধাজ্ঞা কার্যকরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নদীতে অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে ২৫ জেলেকে আটক করা হয়। এ সময় ২০ কেজি ইলিশ ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০-এর ৪ ধারা অনুযায়ী আটক জেলেদের মধ্যে ২৩ জনকে ৫ থেকে ১০ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসংলগ্ন আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার আয়তনের অভয়াশ্রমটি নিষেধাজ্ঞার আওতায় নেই। সেখানে গত নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দুই মাস নিষেধাজ্ঞা ছিল। মাছের প্রজননকাল, চলাচলের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে ওই অভয়াশ্রমে প্রতিবছর আগেই নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইলিশসম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সালে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে।

এ ছাড়া জাটকা রক্ষায় প্রতিবছরের ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) ধরা, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকে। এ মৌসুমেও একইভাবে গত নভেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, যা থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত। নিষেধাজ্ঞার মধ্যেই পাঁচ অভয়াশ্রমে নতুন করে সব ধরনের ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।