বরিশালে আলালের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার আবেদন
প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। মামলায় বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদনটি করেন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা।
বরিশাল বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক আদেশের জন্য আগামী ৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন।
সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. কাকন বিষয়টি জানিয়ে বলেন, আদালত আবেদনটি গ্রহণ করে ৩ জানুয়ারি অভিযোগকারী আজাদ হোসেন কালাম মোল্লার জবানবন্দি গ্রহণ ও আদেশের জন্য দিন ধার্য করেছেন।
মামলার আবেদনে অভিযোগকারী পক্ষের আইনজীবী শেখ আবদুল কাদের জানান, গত ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম হোসেন, মোসাদ্দেক জায়গীরদার নামের ফেসবুক আইডি ব্যবহারকারী ও বিএনপির অফিশিয়াল ফেসবুক আইডি থেকে তা প্রচার করা হয়। পরে সেই বক্তব্য ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
শেখ আবদুল কাদের আরও বলেন, মোয়াজ্জেম হোসেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সম্পর্কে অশালীন, বানোয়াট, মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তাঁর বক্তব্য ডিজিটাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আওয়ামী লীগ সরকার ও রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হয়েছে। নালিশি আবেদনকারী ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা এমন বক্তব্য শুনে আহত হন। যে কারণে তিনি ন্যায়বিচার প্রত্যাশায় আদালতের শরণাপন্ন হয়েছেন।