বরিশালে ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের সদস্য শান্তনা মল্লিকের দুর্নীতির বিচারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেন ভুক্তভোগীরা।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির ওঠেছে। ইউএনও তদন্ত কমিটি করে দিয়েছেন। তদন্ত কমিটি কাজে গেলে বিক্ষুদ্ধ জনতা ওই সদস্যের বিচার চান।

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শান্তনা মল্লিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল সোমবার তদন্ত কমিটির সামনে ওই ইউপি সদস্যের বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ।

ভুক্তভোগী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সুবিধাপ্রাপ্তরা শান্তনা মল্লিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগ আনেন। তাঁরা এ বিষয়ে ১৬ আগস্ট উজিরপুরের ইউএনও প্রণতি বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করেন। ওই দিনই ইউএনও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেন। কমিটির বাকি দুই সদস্য হলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা অয়ন সাহা ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান। কমিটিকে ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আমার কাছ থেকে ১৩ হাজার টাকা ঘুষ নিয়ে মহিলা মেম্বার আমাকে ঘর বরাদ্দ করিয়ে দেন। পরে তিন হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গালিগালাজ করে হুমকি দেন।
রতন মল্লিক, ভুক্তভোগী

স্থানীয় লোকজন ও তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা হারতা বাজারে উপস্থিত হলে শতাধিক বিক্ষুব্ধ মানুষ ইউপি সদস্যের অপসারণ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

আমি কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নিইনি। মিথ্যা অভিযোগ করা হয়েছে।
শান্তনা মল্লিক, ইউপি সদস্য, হারতা, উজিরপুর, বরিশাল

লিখিত অভিযোগে বলা হয়, ইউপি সদস্য শান্তনা মল্লিক কালবিলা গ্রামের হতদরিদ্র কালিপদ মল্লিক, লক্ষী ফলিয়া, প্রিয়লাল মল্লিককে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দিতে ১০ হাজার টাকা করে ঘুষ নেন। ঘর বরাদ্দ দেওয়ার পর প্রত্যেকের কাছে আরও ৬ হাজার টাকা করে দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় শান্তনা মল্লিক তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও হুমকি দেন। গ্রামের সমীরণ মল্লিক, ক্ষিতিশ বল্লভসহ ৪ জনকে বয়স্ক ভাতার জন্য তালিকাভুক্ত করতে ৭ থেকে ১০ হাজার টাকা করে ঘুষ নেন এই ইউপি সদস্য। সীমা মল্লিক, বিজলী মল্লিক, অঞ্জু বৈরাগীকে মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দিতে ৩ হাজার টাকা করে ঘুষ নেন। বিভিন্ন সময় সরকারি সুযোগ–সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি লাখ লাখ টাকার দুর্নীতি করেছেন।

রতন মল্লিক নামের এক ভুক্তভোগী অভিযোগ করেন, ‘আমার কাছ থেকে ১৩ হাজার টাকা ঘুষ নিয়ে মহিলা মেম্বার আমাকে ঘর বরাদ্দ করিয়ে দেন। পরে তিন হাজার টাকা দাবি করেন। আমি টাকা না দেওয়ায় আমাকে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন।’

যোগাযোগ করা হলে শান্তনা মল্লিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো অনৈতিক সুবিধা নিইনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

তদন্ত কমিটির প্রধান মো. আবুল কালাম বলেন, ‘আমরা তদন্ত কমিটির তিন সদস্য সরেজমিনে তদন্ত করছি। তদন্তের কাজে হারতা বাজারে পৌঁছালে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল করেন। আমরা বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ অভিযোগের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না। যথাসময়ে তদন্ত কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ইউএনও প্রণতি বিশ্বাস বলেন, ‘প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’