বরিশালে ইমামকে কুপিয়ে বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি মসজিদের ইমামকে কুপিয়ে তাঁর বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। ইমামের নাম মো. ইয়াকুব আলী (৪৫)। গতকাল শুক্রবার রাতে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাবলু মাঝি (২৫) নামের একজনকে ধারালো রামদাসহ গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানার পুলিশ।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইমাম ইয়াকুব আলী মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাবলু মাঝি ধারালো অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালান। হামলায় ইমামের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ডান হাতের দুটি আঙুলও বিচ্ছিন্ন হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গতকাল রাত নয়টায় সড়কপথে ঢাকায় পাঠানো হয়েছে।
ইয়াকুব আলী ও বাবলু মাঝি পাশাপাশি গ্রামের বাসিন্দা। পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।