বরিশালে কম নমুনা পরীক্ষা, শনাক্তের হারে ঊর্ধ্বগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার নমুনা পরীক্ষা
ফাইল ছবি

বরিশাল বিভাগে করোনা সংক্রমণের হার আগের দিনের চেয়ে বেড়েছে। শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষার সংখ্যা প্রায় চার ভাগের এক ভাগে নামলেও শনাক্তের হার এযাবৎকালের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৩১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ৫২ জনের। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৬৯ শতাংশ।

শুক্রবার সকাল ৮টায় আগের ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছিল ৫২৮টি। এতে ১৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৭৯ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে বরিশালে সর্বোচ্চ ৩৬, পটুয়াখালীতে ১, ভোলায় ১০, পিরোজপুরে ১ ও ঝালকাঠিতে ৪ জন আছেন। তবে বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে বরিশাল ও পিরোজপুরে সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। এবারও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তৃতীয় ঢেউ শুরুর পর থেকে এই দুই জেলায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এ জন্য এই দুই জেলাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেই এগোচ্ছে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার সার্বিক প্রস্তুতি।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লেও মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তেমন আগ্রহ নেই। লঞ্চ, গণপরিবহন কোথাও কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। বাজারগুলোতে স্বাভাবিক অবস্থার মতো সবকিছু চলছে। এমন অবস্থা চলতে থাকলে সংক্রমণের এই গতি কোনোভাবেই রোধ করা যাবে না।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে এবং সেটা খুব দ্রুত। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, গতকাল শুক্রবার ছুটির দিন ছিল। তাই নমুনা কম সংগ্রহ হয়েছে। পরীক্ষাও কম হয়েছে। ছুটির দিনগুলোতে এমনটা হয়ে থাকে। তবে শনাক্তের হার জাতীয় হারের মতোই।