বরিশালে করোনা ইউনিটে চিকিৎসকের মৃত্যু
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলামের (৮০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, ২৭ জুলাই দুপুরে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় সিরাজুল ইসলামকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। কিছুদিন পর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় করোনা ইউনিটে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শেষ পর্যন্ত গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
সিরাজুল ইসলামের মামাতো ভাই বরিশাল প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এস এম জাকির হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নগরের জিয়া সড়কে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা নগরের কবরস্থান রোড এলাকায় দ্বিতীয় জানাজা শেষে মুসলিম কবরস্থানে সিরাজুল ইসলামের লাশ দাফনের কথা আছে।
সিরাজুল ইসলাম ১৯৬৯ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসরে যান। ১৯৭০ সালে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন। সিরাজুল ইসলাম বরিশালের প্রখ্যাত চিকিৎসক খাদেম হোসেনের জ্যেষ্ঠ ছেলে। তাঁর এক ছেলে চিকিৎসক ও কানাডাপ্রবাসী এক মেয়ে আছেন।