বরিশালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ২০, শনাক্ত ৬৫৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে করোনা ও করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০ জন মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০১ জনের নমুনা পরীক্ষায় ৬৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৮ দশমিক ৫৭ শতাংশ।

এর আগের গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ২ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৩৬ শতাংশ। ওই সময়ে করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৩ জন মারা যান।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা যান ১২ জন। এর মধ্যে তিনজন ঝালকাঠির এবং বরিশাল, বরগুনা, পটুয়াখালীর দুজন করে এবং বাকি একজন ভোলার। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। তাঁরা সবাই বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এ নিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেলেন ৭৬২ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৫৬ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ২৬৫ জন নিয়ে মোট ১৩ হাজার ৫৩০ জন, পটুয়াখালীতে ১৭৮ জন নিয়ে মোট ৪ হাজার ১২৯ জন, ভোলায় ১১৩ জনসহ মোট ৩ হাজার ৫১৫ জন, পিরোজপুরে ২৪ জনসহ মোট ৪ হাজার ২৩৪ জন, বরগুনায় ২৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৭৭৪ জন এবং ঝালকাঠিতে ৪৮ জন নিয়ে মোট ৩ হাজার ৯০২ জন।

ভোলায় শনাক্ত, বরগুনায় মৃত্যুহার বেশি

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হারে বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা জেলা সর্বোচ্চ। এখানে করোনার শনাক্তের হার ৪৫ দশমিক ২০। দ্বিতীয় সর্বোচ্চ বরিশাল জেলায়, হার ৪৩ দশমিক ৮০। শনাক্ত হারে তৃতীয় সর্বোচ্চ পটুয়াখালী জেলা, হার ৩৯ দশিমক ৮২। তবে পিরোজপুর, ঝালকাঠিতে জুলাইয়ের শুরু থেকে সংক্রমণের ঊর্ধ্বগতি থাকলেও গত ২৪ ঘণ্টায় তা অনেক কমেছে। ঝালকাঠিতে ৩১ দশমিক ৭৯ এবং পিরোজপুরে ২৭ দশমিক ৯১ শতাংশ। সবচেয়ে কম বরগুনায় ১৭ দশমিক ২৮ শতাংশ। তবে বরগুনা জেলায় জুলাইয়ের শুরু থেকেই মৃত্যুর হার সবচেয়ে বেশি। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা ২ দশমিক ৪৩ শতাংশ। বিভাগে এই হার ১ দশমিক ৪১ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, বিভাগে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। সংক্রমণ ও মৃত্যু দুটিই এক মাস ধরে বাড়ছে। সংক্রমণের যে গতি, তাতে খুব শিগগির এটা নিচে নামবে, এমনটা মনে হচ্ছে না। সামনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটা এখনই বলা মুশকিল। তবে এখন টিকার সংখ্যা বাড়াতে হবে। সবাইকে টিকা নিতে উদ্যোগী হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দিতে হবে।