বরিশালে করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে রোগী
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমলেও বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫২৭ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৭৫। এ ছাড়া বিভাগে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এর আগের ২৪ ঘণ্টায় ৪২৬ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ২০। এ ছাড়া ওই দিন করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ২৫, ভোলায় ১১, বরগুনায় ১০, পটুয়াখালীতে ১৩, পিরোজপুরে ৯ ও ঝালকাঠিতে ১৫ জন শনাক্ত হয়েছেন। গত বছরের ৫ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই সংক্রমণের হার ও পরিমাণ অনেকটা কমেছে। তবে শনাক্ত রোগী কমলেও মৃত্যু বাড়ছে। এখন পর্যন্ত বিভাগে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগের বয়স ৬০ বছরের ওপরে। তাঁরা সবাই বার্ধক্য ও অন্যান্য অসংক্রামক রোগে ভুগছিলেন। এ জন্য পরিবারের বয়স্ক ব্যক্তিদের সুরক্ষায় আরও যত্নশীল হওয়ার পাশাপাশি কম বয়সীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।