বরিশালে কলেজ ছাত্রাবাস থে‌কে ধারালো অস্ত্রসহ চার বহিরাগত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার চার তরুণ
ছবি: প্রথম আলো

বরিশাল নগরের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে ধারালো অস্ত্রসহ চার বহিরাগত তরুণকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরের করিম কুটির এলাকার শহীদ আলমগীর ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চার তরুণ হলেন নগরীর গোরস্থান সড়কের বাসিন্দা রাফসান তালুকদার, বটতলা এলাকার আশ্রাফ সড়কের আজাদ সরদার, একই এলাকার ফুয়াদ আলম ও গোরাচাঁদ দাশ সড়কের মুমতাহিন রহমান।

শহীদ আলমগীর ছাত্রাবাসের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকজন বহিরাগত তরুণ জোর করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বসবাস করছিলেন। ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীরা বহিরাগত বখাটে তরুণদের ভয়ে তটস্থ থাকতেন। বিষয়টি গোপনে পুলিশকে জানানো হলে গতকাল রাতে ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ।

আজ শনিবার দুপুরে বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা–পুলিশের একটি দল সৈয়দ হাতেম আলী কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় ব্যাগে লুকিয়ে রাখা দুটি ধারালো অস্ত্রসহ (হাঁসুয়া) বহিরাগত ওই চারজনকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, আটক তরুণদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। আজ দুপরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার তরুণদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।