বরিশালে এক সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পকেট ভরতেই গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে বর্তমান সরকার জনগণের পকেট কাটছে। দেশে গণবিরোধী তৎপরতা চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।
ভোজ্যতেল-চাল-ডাল-সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আজ বুধবার সকালে এই সমাবেশ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি আন্দোলন বরিশালে এই কর্মসূচির আয়োজন করে। সেখানে বক্তারা সরকারের কঠোর সমালোচনা করেন।
গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সাকিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সদস্যসচিব আরিফুর রহমান, বরিশাল সদর উপজেলা সদস্যসচিব ইয়াসমিন সুলতানা, কড়াপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক নুরজাহান বেগম, ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ, সহসভাপতি হাসিব আহমেদ, ছাত্র ফেডারেশনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জামান কবির প্রমুখ।
বক্তারা বলেন, তেলের দাম বাড়ার সম্ভাবনা অনুমান করেই বিক্রেতারা মজুত শুরু করেছেন। বাজার মনিটরিংয়ে সরকার-প্রশাসনের কোনো জোরালো তৎপরতা নেই।
বক্তারা বলেন, সরকারের মন্ত্রীরাও এখন কিছুটা নমনীয় সুরে স্বীকার করছেন যে জিনিসপত্রের দাম বেসামাল। তাঁরা সামাল দিতে পারছেন না সিন্ডিকেটের দৌরাত্ম্য। এই সিন্ডিকেট কারা? এই সরকারই গ্যাসের দাম দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব করেছে। গ্যাস যে দামে বিক্রি হয়, তাতে লোকসান হয় না। গ্যাস দিয়ে উৎপাদিত বিদ্যুতেও কোনো লোকসান হয় না। তবু দাম বাড়াতে হচ্ছে। তার কারণ, নিজেদের পোষ্য কিছু লোককে ব্যবসা দেওয়ার নামে তারা তেলভিত্তিক কুইকরেন্টাল প্রকল্পগুলো বানিয়েছিল। সেগুলোর মাধ্যমে তাদের পকেট ভরানো হচ্ছে।
বক্তারা বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে বেশি দামে সব দ্রব্য বিক্রি করা হচ্ছে। গতকাল বরিশালে সয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকা বিক্রি হয়েছে। তেলের দাম বাড়ার সম্ভাবনা অনুমান করেই বিক্রেতারা মজুত শুরু করেছেন। বাজার মনিটরিংয়ে সরকার-প্রশাসনের কোনো জোরালো তৎপরতা নেই। কারণ, যাঁরা দাম বাড়ান, তাঁরা সরকারেরই লোক। জনবিচ্ছিন্ন হলে সরকারের রূপ এমনই হয়।