বরিশালে চালককে আ.লীগ নেতার মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
বরিশাল নগরে সাদ্দাম হোসেন নামের ভাড়াচালিত এক মাইক্রোবাসের চালককে আওয়ামী লীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ভাড়াচালিত মাইক্রোবাসের চালকেরা দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরের ডিসি ঘাটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের আশ্বাসে মাইক্রোবাসের চালকেরা রাত সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
মাইক্রোবাসচালক সাইদুল ইসলামের ভাষ্য, গত বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফলের কালীশুরিতে যাওয়ার জন্য সাদ্দামের মাইক্রোবাসটি ভাড়া নেন বরিশাল নগরের ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের আত্মীয়স্বজন। পথে সাদ্দামের ফোনে কল এলে তিনি গাড়ি চালাতে চালাতে কথা বলতে থাকেন। এ সময় ওই নেতার স্বজনেরা চালককে মারধর করেন। এরপর সাদ্দাম কালীশুরি থেকে কাউকে কিছু না বলে বরিশালে চলে যান। এই ঘটনার জেরে গতকাল রাত ৯টার দিকে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান বরিশাল নগরের ডিসি ঘাট এলাকায় এসে চালক সাদ্দামকে মারধর করেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে নগরের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর দাস বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরে তা সমাধান করা হয়েছে।
বরিশাল জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান সাদ্দামের চিকিৎসার খরচ বহন করার আশ্বাস দিয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, একজন চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ করা হয়েছিল, এখন পরিস্থিতি শান্ত।