বরিশালে জাসদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সমাবেশের আয়োজন করা হয়
ছবি: প্রথম আলো

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। এর মধ্যেই দ্রব্যমূল্যের ঊধ্বর্গতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় বাস-লঞ্চসহ অন্যান্য যানের ভাড়া বেড়ে গেছে।

বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে এ মহাসমাবেশের আয়োজন করা হয়। এর আগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। এতে জাসদের বরিশাল বিভাগের ছয় জেলার নেতা-কর্মীরা অংশ নেন। বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে আজ দেশের মানুষের মধ্যে অস্থিরতা চলছে। তাঁরা কীভাবে জীবন যাপন করবেন, সেই দুশ্চিন্তা আজ সর্বত্র। এমনিতেই নিত্যপণ্যের মূল্য বেড়ে অসহনীয় হয়ে গেছে। এখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে তা কতটা অসহনীয় হবে, তা কল্পনাতীত। দেশের মানুষ খেয়ে–পরে ভালো না থাকলে কোনো উন্নয়নই জনগণের জন্য সুফল আনতে পারে না।’

জাসদের কেন্দ্রীয় নেতা মো. মহসিন দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বলেন, ‘দেশের নির্বাচনব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করে আস্থা ফিরিয়ে আনতে হবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী এই মুহূর্তে তাঁর দলের দুর্নীতিবাজদের লুটপাটের মহোৎসব বন্ধ করতে না পারলে সব উন্নয়ন ভূলুণ্ঠিত হয়ে যাবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা জাসদের সভাপতি আবদুল হাই মাহাবুব। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় যুব জোটের সহসভাপতি আশিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, কে এম আনোয়ারুজ্জামান, সাইফুল ইসলাম, মোসলেম সিকদার, সাজ্জাদ হোসেন, এনায়েত হোসেন, আশরাফুল হক প্রমুখ।