বরিশালে টেক্সটাইলের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে মানববন্ধন
সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষা নেওয়াসহ পাঁচ দফা দাবিতে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ বৃহস্পতিবার বরিশালের সিঅ্যান্ডবি সড়কে কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
দাবিগুলোর মধ্যে আছে করোনা মহামারি চলাকালে যে সেমিস্টার লস হয়েছে, তা পুষিয়ে নিতে সর্বোচ্চ চার মাসের সেমিস্টার করা, পরীক্ষার ফলাফল সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে প্রকাশ, পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি দ্রুত প্রকাশ, চতুর্থ বর্ষের সব কার্যক্রম (পরীক্ষা ও কম্প্রিহ্যানসিভ মৌখিক পরীক্ষা) আগস্টের মধ্যে শেষ করা, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জুলাইয়ের মধ্যে পরীক্ষা শেষ করা, সেমিস্টারের ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই মার্কশিট দেওয়া, প্রতি বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা ও রিটেক পরীক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০০-৩০০ টাকায় নিয়ে আসতে হবে, সব কলেজের অধ্যক্ষসহ একজন করে শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করা, যাতে পরীক্ষার সময়সূচি, ফল, মার্কশিট ও অন্যান্য বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তাঁদের কলেজের সাধারণ শিক্ষার্থীসহ বুটেক্সের অধিভুক্ত সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সম্প্রতি করোনা পরিস্থিতির জন্য শিক্ষাজীবন থেকে মূল্যবান একটি বছর হারিয়ে গেছে। আরও একটি বছর শেষ হওয়ার পথে। একাডেমিক বিষয়ে কলেজগুলোর প্রশাসন, বুটেক্স প্রশাসন ও বস্ত্র মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় তাঁদের শিক্ষাজীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন।