বরিশালে তিন চাকার যানে যাত্রী পরিবহন, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সোমবার সকাল থেকে সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করে। এই সময়ে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিন এ নিষেধাজ্ঞা মেনে বরিশাল নগর এবং বরিশাল বিভাগের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে তিন চাকার যানবাহনে যাত্রী চলাচল করছে। এসব যানবাহনে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন না। এতে করোনা সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার বরিশাল নগর ছাড়াও বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ও বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে তিন চাকার যান মাহেন্দ্র, ব্যাটারিচালিত ইজিবাইক, শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও টমটম চলাচল করতে দেখা যায়। এসব যানে যাত্রীদের গাদাগাদি করে বসানো হয়েছে। এসব যানের চালক ও যাত্রীদের মুখে মাস্ক নেই।
পুলিশ এসব যানবাহন বন্ধে সোমবার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায়। মঙ্গলবারও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। মঙ্গলবার সকালে নগরে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালায় নগর পুলিশ। কিন্তু এসব উপেক্ষা করে তিন চাকার যানবাহনে যাত্রী পরিবহন করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের ৬০ কিলোমিটর অংশে বাকেরগঞ্জ থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী, কাঁঠালতলী থেকে মির্জাগঞ্জ, মির্জাগঞ্জ থেকে বরগুনার চান্দখালী এবং চান্দখালী থেকে বরগুনা পর্যন্ত ভেঙে ভেঙে চলছে যানবাহন। এ ছাড়া মোটরসাইকেলেও তিনজন করে যাত্রী পরিবহন করতে দেখা যায়।
একই সঙ্গে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালীর শাখারিয়া থেকে আমতলী এবং আমতলী থেকে কয়েক ভাগে ভাগ করে কুয়াকাটা পর্যন্ত এসব যানে যাত্রী পরিবহন করা হচ্ছে। তিন চাকার মাহেন্দ্রতে ১০ জনের পরিবর্তে ঠাসাঠাসি করে ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে চলাচল করতে দেখা যায়। এতে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যবিধি। গণপরিবহন বন্ধ থাকায় মাহেন্দ্রমালিকেরা সুযোগটা কাজে লাগিয়েছেন। এই পথে অন্তত ২০০ মাহেন্দ্র চলাচল করছে।
মঙ্গলবার পটুয়াখালীর শাখারিয়া এলাকার যাত্রী আবদুস সোবহান, জাফর হোসেন ও হুমায়ন কবির মাহেন্দ্রতে করে আমতলী থেকে ফিরছিলেন। তাঁরা বলেন, ‘আমতলী শহরে গিয়েছিলাম, এখন মাহেন্দ্রতে ফিরে এসেছি। কেউ তো মাহেন্দ্রতে যেতে নিষেধ করছে না। তবে বাস চলাচল না করায় ভাড়া অনেক বেশি নিচ্ছে।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, যাঁরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে গণপরিবহন চালাবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লকডাউন কার্যকর করতে স্থানীয় প্রশাসন কঠোরভাবে তদারক করছে।
মঙ্গলবার সীমিত পরিসরে লকডাউনের দ্বিতীয় দিন বরিশাল নগরের বিভিন্ন এলাকায় অনেক দোকানপাট খুলেছে। নগরের সদর রোডসহ বিভিন্ন এলাকায় এক শাটার খোলা রেখে চশমা, পোশাক এবং প্রসাধনসামগ্রীর দোকানে বেচাকেনা করতে দেখা গেছে।
করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাস্ক বিতরণ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বেলা ১১টায় নগরের জিলা স্কুল মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
এ সময় পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন ছাড়া করোনা প্রতিরোধ সম্ভব নয়। মাস্ক ছাড়া কেউ রাস্তায় বের হতে পারবে না। লকডাউনকালে অপ্রয়োজনে কোনো দোকানপাট খোলা রাখা যাবে না। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৪৭। বরিশাল বিভাগে মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে পাঁচজন এবং করোনায় দুজন মারা গেছেন।