বরিশালে দুজন, পটুয়াখালীতে একজন করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তাঁদের একজন ব্যাংক কর্মচারী। অন্যজন নারায়ণগঞ্জের একটি হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

আজ রোববার বিকেলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে করোনা পরীক্ষাগারে তাঁদের দুজনের নমুনা পরীক্ষার পর করোনা সংক্রমণ ধরা পড়ে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বাকির হোসেন এ দুজনের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পটুয়াখালীর দুমকি উপজেলায় করোনায় মারা যাওয়া এক ব্যক্তির বোন (৪৬) করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম। তিনি প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর বোনসহ ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়েছিল। এর মধ্যে রোববার কেবল দুলালের বোনের করোনা পজিটিভ আসে। বাকিদের সবার নেগেটিভ। এরপর তাঁকে বাড়িতে আলাদা রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশালে আক্রান্ত দুজনই বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত ব্যাংক কর্মচারীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তিনি জনতা ব্যাংকের স্থানীয় একটি শাখার কর্মচারী। তাঁর বয়স ৬৫ বছর। অন্যজনের বাড়ি জেলার মেহেন্দীগঞ্জ উপজেলায়। তাঁর বয়স ৬০ বছর। তিনি নারায়ণগঞ্জের একটি হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

প্রসঙ্গত, এ নিয়ে বরিশাল বিভাগে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত বৃহস্পতিবার দুজন মারা গেছেন।