বরিশালে দোকান খোলার সিদ্ধান্ত থেকে সরে এলে মালিক সমিতি

বরিশাল নগরে দোকান খোলা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মালিক সমিতির নেতারা। রোববার সকালে নগরের প্রধান বাণিজ্যিক এলাকা চকবাজারসহ বেশ কয়েকটি এলাকার দোকান ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। কিন্তু শনিবার গভীর রাত পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর তাঁরা এই সিদ্ধান্ত পরিবর্তন করেন।
মেয়রের সঙ্গে বৈঠকের পর শনিবার রাত পৌনে ১২টার দিকে চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুর রহিম ঈদ উপলক্ষে দোকান খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, জীবন ও জীবিকার মধ্যে জীবনকে প্রাধান্য দিয়ে ঈদ উপলক্ষে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দোকান মালিক সমিতির নেতারা জানান, শনিবার রাতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সঙ্গে নগরের কালীবাড়ি রোডে সেরনিয়াবাত ভবনে বৈঠকে করেন মালিক সমিতির নেতারা। এ সময় মেয়র সাদিক আবদুল্লাহ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনস্বার্থে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান। মেয়রের এই আহ্বানে সারা দিয়ে ব্যবসায়ী নেতারাও একমত পোষণ করেন।
মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ করোনার সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষার জন্য ব্যবসায়ীদের দোকান, মার্কেট খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। এতে ব্যবসায়ী নেতারা সম্মতি দেন। অনুরোধ রক্ষা করায় এ সময় মেয়র সাদিক আবদুল্লাহ ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত একাধিক ব্যবসায়ী জানান, চকবাজার ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তের কথা ও মেয়রের আহ্বান বরিশাল নগরের অন্যান্য মালিক সমিতিকে রোববার দুপুরের মধ্যে জানিয়ে দেওয়া হবে।
নগরের চকবাজার, কাঠপট্টি, লাইন রোড, হেমায়েত উদ্দিন রোড ও পদ্মাবতী এলাকায় ৫ শতাধিক দোকান রয়েছে। ঈদের কেনাকাটায় প্রতিবছর নগরবাসী এখানেই ভিড় করেন।
অপরদিকে শনিবার সন্ধ্যায় বরিশাল নগর পুলিশের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানা-পুলিশের আহ্বানে ব্যবসায়ীরা আরও একটি বৈঠকে বসেন। বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ কমিশনার (এসি কোতোয়ালি) মো. রাসেল জানান, মূলত এ সভায় করোনাভাইরাস ও বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়। এ সময় সংক্রমণ রোধে ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিকে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান রোববার বলেন, বরিশাল জেলার যেসব শপিংমল মালিক বা মার্কেট ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, সেসব শপিংমল ও মার্কেটের দোকানগুলোর তাঁদের কর্মচারীদের তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানোর অনুরোধ করেছেন। এসব কর্মচারীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের লক্ষ্যে এই তালিকা চাওয়া হয়েছে।