বরিশালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাসদের বিক্ষোভ
নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখা। আজ রোববার বেলা ১১টায় নগরে মিছিল শেষে সদর রোডে বিবি পুকুর পাড় চত্বরে সমাবেশ হয়।
সরকারের সমালোচনা করে সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। জনগণের কাছে জবাবদিহি না করে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি চলছে। সরকারের বাজার নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করার কথা থাকলেও সেই জায়গা থেকে সরে এসে সরকার ব্যবসায়ীদের পাহারাদার এক লুটপাটকারীর সরকারে পরিণত হয়েছে।
বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহসভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আবদুল মানিক হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনাবিষয়ক সম্পাদক বিজন সিকদার, নজরুল ইসলাম খান প্রমুখ।
বক্তারা বলেন, টিসিবির গাড়ি এখন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। এই ঘোড়ার সঙ্গে দৌড়পাল্লায় যে জিতবে সে-ই কিছু পণ্য নিয়ে বাসায় ফিরতে পারবে। অন্যথায় দুর্ভিক্ষের চরম পর্যায় পরিদর্শন করে ঘরে ফিরতে হবে। সরকারের ব্যবসায়ী মন্ত্রীরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দোষ দিলেও এ দেশের মানুষ জানে, এগুলো দাম বাড়ানোর অজুহাত ছাড়া কিছুই নয়। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক শ্রমিকদের হয়রানি বন্ধ করা এবং নীতিমালা প্রণয়ন করে দ্রুত ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স দেওয়ার দাবি জানান বক্তারা।
মনীষা চক্রবর্তী বলেন, জনগণের এ দুর্দশা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। সে হরতাল সফল করা এবং ১৩ মার্চ থেকে ২৭ মার্চ বাসদ ঘোষিত দাবি পক্ষ পালন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।