বরিশালে নমুনা সংগ্রহ কম হলেও শনাক্তের হারে ঊর্ধ্বগতি
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ১১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার ছুটির দিনে নমুনা সংগ্রহ কম হলেও শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৫৩ শতাংশে। তবে এই ২৪ ঘণ্টায় বিভাগে কারও মৃত্যু হয়নি।
এর আগের ২৪ ঘণ্টায় ৯০৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৬ দশমিক ৯৯। এ নিয়ে মহামারি শুরুর পর বরিশাল বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৫০ হাজার ২৮৮ জনে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৪ জন। আজ শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশালে ৫৪ জন। এ ছাড়া পটুয়াখালীতে ৫, ভোলায় ২৫, পিরোজপুরে ১, বরগুনায় ১০ ও ঝালকাঠি জেলায় ১৬ জনের শরীরে করোনা ধরা পড়ে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, সংক্রমণের গতি নিয়ন্ত্রণে আসছে না, বরং ক্রমেই বাড়ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় বিভাগে নমুনা সংগ্রহ ছিল কম। এ জন্য শনাক্তের পরিমাণ কম। কিন্তু শনাক্তের হার বেড়েছে। পরিবারের বয়স্ক ব্যক্তিদের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায়, সে জন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।