বরিশালে নৌপথে নিরাপত্তায় ১২ দফা দাবিতে সমাবেশ
নৌবন্দরে ইজারাপ্রথা বাতিল, নৌযানে শিক্ষার্থীদের হাফ ভাড়া, নৌপরিবহনে যাত্রীবিমা চালু করাসহ ১২ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ করেছে বরিশাল নৌ যাত্রী ঐক্য পরিষদ। আজ রোববার সকালে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ দেশের বিভিন্ন জেলায় সঙ্গে যোগাযোগের জন্য নৌপরিবহনের ওপর নির্ভরশীল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো অন্যান্য পরিবহনব্যবস্থা আধুনিকায়নে সরকারের উদ্যোগ নেই। নৌপরিবহনে সরকারি খাত পুরোপুরিই উপেক্ষিত। বেসরকারি খাতের সেবায়ও সরকারের যথাযথ মনিটরিংয়ের ব্যবস্থা নেই। এ কারণে ইচ্ছেমতো ভাড়া আদায়, যাত্রী হয়রানি, ভাড়া অনুযায়ী সেবার মান নিশ্চিত না করার বিষয়টি দীর্ঘদিনের নিয়মে পরিণত করা হয়েছে। নৌপথে দক্ষিণাঞ্চলের লাখ লাখ যাত্রীর হয়রানি-নিরাপত্তাহীনতাই এখন সঙ্গী।
দাবিগুলোর মধ্যে আছে নৌপরিবহন টার্মিনালে ইজারাপ্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করা, নৌপরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর করা, শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা, প্রতিটি নৌপরিবহনে বয়া-লাইভ জ্যাকেটসহ পর্যাপ্ত যাত্রী নিরাপত্তার ব্যবস্থা রাখা, স্টাফদের অগ্নিনির্বাপক প্রশিক্ষণ দেওয়া, দক্ষ মাস্টার সুকানি-গিজার নিয়োগ করা, ফিটনেসবিহীন নৌযান সরিয়ে নেওয়া, লঞ্চ-স্টিমারের চায়ের দোকান ও কেবিনে অতিরিক্ত মূল্য নেওয়া বন্ধ করা, নৌযান কর্মচারী ও গার্ড শ্রমিক দিয়ে যাত্রী হয়রানি বন্ধ করা, ভ্রমণের সময় কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসাসেবা নিশ্চিত করা, গান পার্টি-মলম পার্টিসহ বিভিন্ন চক্রের মধ্যমে যাত্রী প্রতারণার দায় নৌ কর্তৃপক্ষকে নেওয়া, ঢাকা-বরিশাল-খুলনা রুটে আগের মতো সাত দিন অত্যাধুনিক স্টিমার সার্ভিস চালু করা।
সমাবেশে সভাপতিত্বে করেন বরিশাল নৌ যাত্রী ঐক্য পরিষদের সভাপতি দেওয়ান আবদুর রশিদ। বক্তব্য দেন পরিষদের সদস্যসচিব হারুন আর রশিদ বিশ্বাস, সদস্য নজরুল ইসলাম খান, শান্ত রঞ্জন চৌধুরী, আরিফুর রহমান, জামান কবির, সাকিবুল ইসলাম, বরিশাল জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল আলম ও সংবাদকর্মী মনিরুজ্জামান।
হারুন আর রশিদ বিশ্বাস বলেন, লঞ্চে সর্বদাই ডেক ও কেবিনের মধ্যে ভাড়াবৈষম্য বিদ্যমান, যা বন্ধ করতে হবে। লঞ্চে সব খাবারে অতিরিক্ত দাম পরিশোধ করতে হয়, তা বন্ধ করতে হবে। দেশের বিমান ও রেলস্টেশনে কোনো ইজারাপ্রথা নেই। কিন্তু লঞ্চ টার্মিনালে ঢুকতে নির্দিষ্ট ফি দিতে হচ্ছে। এতে লঞ্চে যাতায়াতকারী গরিব যাত্রীদের মালামাল পরিবহন এবং বন্দরে প্রবেশে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। এমনকি সেখানে প্রতিদিন নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে।