বরিশালে নয়টি নৌযান আটক, তিন মামলা
বরিশালে নির্দেশ অমান্য করে নদীতে চলাচল করায় পাঁচটি বালুবাহী বলগেট ও দুটি কার্গো আটক করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। দুটি বলগেট ও একটি লঞ্চের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুই ঘণ্টাব্যাপী কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়।
বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্লাহ, নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক শাহজালাল হকের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন তাঁদের সহযোগিতা করে।
বিআইডব্লিউটিএ বরিশাল বন্দর জানায়, ঈদ উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে ১৬ থেকে ২০টি বিলাসবহুল লঞ্চ চলাচল করবে। এ ছাড়া বিআইডব্লিউটিসির ছয়টি জাহাজ যাত্রীসেবায় রয়েছে। এ সময় নৌপথ নিরাপদ না থাকলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই নৌপথে ঝুঁকি মোকাবিলায় বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দর কর্মকর্তা মো. শহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ১৬ জুলাই ঢাকায় অনুষ্ঠিত নৌনিরাপত্তাবিষয়ক সভায় নৌপথ নিরাপদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী ঈদের সাত দিন আগে ও সাত দিন পরে পর্যন্ত নৌপথে কোনো ধরনের বালুবাহী বলগেট, মাছ ধরার নৌকা ও ঝুঁকিপূর্ণ নৌযান চলতে দেওয়া হবে না। বরিশাল-ঢাকা নৌপথ নিরাপদ রাখতে বালুবাহী বলগেট চলাচল, নদীতে যত্রতত্র জাল ফেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই নিষেধাজ্ঞা অমান্য করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, প্রথম দিনের অভিযানে সাতটি নৌযান আটক করা হয়েছে। জীবন রক্ষাকারী বয়া পর্যাপ্ত না থাকায় সুরভী-২ লঞ্চ এবং সন্ধ্যায় অতিরিক্ত বালুবোঝাই করে ঝুঁকিপূর্ণভাবে চলাচলের অভিযোগে দুটি বলগেটের বিরুদ্ধে মামলা করা হয়েছে।