বরিশালে পন্টুন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীতে নিখোঁজ যুবককে খুঁজতে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শুক্রবার বিকেলে তোলা ছবি
প্রথম আলো

কীর্তনখোলা নদী পার হতে খেয়ার জন্য পন্টুনের মাথায় ক্যাপস্টানে (নৌযান বাঁধার খুঁটি) অপেক্ষা করছিলেন শাহিন খলিফা (৩৫) নামের এক ব্যক্তি। হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

বরিশাল নগরের আমানতগঞ্জ এলাকার বেলতলা খেয়াঘাটে আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহিন খলিফা বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন বিশ্বাসের হাটের চায়ের দোকানদার। তিনি ওই গ্রামের মৃত হাসমত আলী খলিফার ছেলে।

ফেরির পন্টুনের মাথায় ক্যাপস্টানে বসে থাকার সময় হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান শাহিন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে শাহিন বাড়ি থেকে বরিশাল নগরে আসেন দোকানের জন্য মালামাল কিনতে। মালামাল কিনে বেলা দুইটার দিকে বাড়ি ফেরার জন্য বেলতলা ফেরির পন্টুনের মাথায় ক্যাপস্টানে বসে খেয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে যান তিনি। খবর পেয়ে কাউনিয়া থানার পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন কীর্তনখোলা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে বিকেল পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।

বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সদস্য জামাল হোসেন বিকেলে বলেন, তাঁরা নদীতে নিখোঁজ শাহীন খলিফার অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।