বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে মুলাদীর মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অপর দিকে গতকাল শনিবার রাতে বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের ট্রলি ছিটকে পড়লে চালক রমজান আলী (২৬) নিহত হন।
আজ দুপুরে মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজন হলেন বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার হারুন নলী (৪৫) ও ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)।
দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বড়ইয়া কাজিরচর যাচ্ছিলেন তিন ব্যক্তি। পথে কাজীরহাট এলাকায় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তিনজনের লাশ উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে পুলিশ জানায়, যাত্রীবাহী তিন চাকার যান ও তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ট্রলি পাল্লা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে ট্রলির চালক নিহত হন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, রাতে রমজানের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।