বরিশালে প্রতারণার মামলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার ও তাঁর স্ত্রী শাহানা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রতারণার একটি মামলায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেজিস্ট্রার (জিআরও) খোকন চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। জিয়াউদ্দিন সিকদার মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

আদালত সূত্র জানায়, নগরের রূপাতলী মৌজার ৪৭ শতাংশ জমি কিনতে ২০১৯ সালের ৩ জুন বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন সিকদারকে ২০ লাখ টাকার চেক দিয়ে বায়না দলিল করেন আইনজীবী এ কে এম আরিফুর রহমান খান। তিনি ওই বায়না চুক্তির জমিতে সাত লাখ টাকার বালু ভরাট করেন। এরপর জানতে পারেন, ওই জমির মালিক জিয়াউদ্দিন সিকদার নন। তিনি ২০১১ সালের ২৫ মে তাঁর স্ত্রী শাহানা জিয়ার কাছে ওই জমি দলিলমূলে হস্তান্তর করেছেন। বিষয়টি নিয়ে ২০২০ সালের ২৯ মে স্থানীয় সালিসে আরিফুর রহমানকে ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন জিয়াউদ্দিন সিকদার। ওই টাকা ফেরত না দেওয়ায় ২০২১ সালের ১০ মার্চ বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আরিফুর রহমান।

মামলায় জিয়াউদ্দিন সিকদার, তাঁর স্ত্রী শাহানা জিয়াসহ পাঁচজনকে আসামি করা হয়। মামলার আসামিরা গত বছরের ১ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। কিন্তু জিয়াউদ্দিন সিকদার ও তাঁর স্ত্রী আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের প্রার্থনা করেন। এরপর বৃহস্পতিবার তাঁদের ধার্য তারিখ থাকলেও তাঁরা আদালতে হাজির হননি। এতে বিচারক তাঁদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এ ব্যাপারে জিয়াউদ্দিন শিকদার আজ শুক্রবার সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। এ জন্য নির্ধারিত তারিখে আদালতে হাজির হতে না পারায় সময়ের জন্য আবেদন করতে পারেননি। তাই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বরিশালে এসে আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন।