বরিশালে প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
বরিশাল নগরীর কাউনিয়া এলাকার এ কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষার দাবিতে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে স্কুলের সামনে কাউনিয়া প্রধান সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওই স্কুলে নতুন একটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবন নির্মাণের জন্য সরকার ১ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ৭১ ফুট দৈর্ঘ্য ও ২৩ ফুট প্রস্থবিশিষ্ট এই দ্বিতল ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার ও দোতলায় পাঠদান করা হবে। ওই ভবন নির্মাণের কার্যাদেশ পেয়ে ঠিকাদার পুরোনো স্কুল ভবনের সামনের খেলার মাঠটি নষ্ট করে ভবনের নির্মাণকাজ শুরু করেছেন। তবে কিছুটা পূর্ব দিকে ওই ভবন নির্মাণ করলে খেলার মাঠটি রক্ষা করা সম্ভব বলে দাবি করেন বক্তারা।
স্থানীয় বাসিন্দা নুরুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মোর্তুজা আবেদীন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক, কাজী এনায়েত হোসেন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সংগঠক লিংকন গায়েন প্রমুখ বক্তব্য দেন
মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, এই মাঠ শুধু খেলার মাঠ নয়, বরং এটি এলাকার ‘পাবলিক প্লেস’। স্কুল ছুটির পর ওই ওলাকার শিশুরাও এই মাঠে খেলাধুলা করতে আসে। তাঁরা বলেন, পূর্ব দিকে স্কুলের যে জমি রয়েছে, সেখানে নতুন এই ভবন নির্মাণ করলে মাঠটি রক্ষা পাবে। শুধু ভবন করলেই হবে না, স্কুলে মাঠও থাকতে হবে। খেলাধুলার ব্যবস্থা না থাকলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক আনজুমান আরা বলেন, খেলাধুলার অসুবিধা হবে। তবে এই স্কুলে প্রায় ৪৫০ শিক্ষার্থী আছে। তাদের স্থান সংকুলানের জন্য এই ভবন জরুরি। সে ক্ষেত্রে মাঠের চেয়ে ভবনটি বেশি প্রয়োজন।
বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মজুমদার বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি পরিদর্শন করে দেখব। সেখানে কত শিক্ষার্থী আছে, নতুন ভবন দরকার আছে কি না, এ ছাড়া মাঠটির কী অবস্থা—সবকিছু দেখে ব্যবস্থা নেওয়া হবে।’