বরিশালে বাস থেকে উদ্ধার করা ৩৫টি কচ্ছপ বন বিভাগে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে পাচারের সময় উদ্ধার হওয়া ৩৫টি কচ্ছপ শনিবার দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানা, বরিশাল নগর, ৪ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো

বরিশালে যাত্রীবাহী বাসে করে পাচারকালে উদ্ধার করা ৩৫টি কচ্ছপ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বরিশাল নগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঁঞা এসব কচ্ছপ আনুষ্ঠানিকভাবে বরিশাল সামাজিক বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের কাছে হস্তান্তর করেন।

এর আগে শুক্রবার ভোরে নগরের রূপাতলী এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করে পুলিশ। বাসটি ভোলা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। পুলিশের ভাষ্য, এসব কচ্ছপ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে খুলনায় নেওয়া হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহম্মেদের নেতৃত্বে রূপাতলী এলাকায় বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় যাত্রীদের সিটের নিচ থেকে একটি কাগজের বাক্সের ভেতর থেকে ৩৫টি কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

মো. আলী আশরাফ ভূঁঞা বলেন, ‘পৃথিবীর সব প্রাণীর বাসযোগ্য করার দায়িত্ব আমাদের। তাই কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল্লাহ আল মানুন বলেন, কচ্ছপগুলো আপাতত সংরক্ষণ করে পরে সবার উপস্থিতিতে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হবে।