বরিশালে বাসস্ট্যান্ডে দুই দল শ্রমিকের সংঘর্ষ, শুক্রবার থেকে ধর্মঘটের হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে পর পুলিশের সতর্ক অবস্থান। বৃহস্পতিবার সকালে
প্রথম আলো

কঠোর বিধিনিষেধে বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বাস চলাচল শুরুর প্রথম দিন বরিশাল নগরের রূপাতলী বাস টার্মিনালে সকালে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে দুপুর আড়াইটার দিকে বাস চলাচল স্বাভাবিক হলেও বিবাদমান একটি পক্ষ ঘোষণা দিয়েছে, হামলার ঘটনায় অপর পক্ষের দায়ীদের পুলিশ গ্রেপ্তার না করলে কাল শুক্রবার সকাল আটটা থেকে রূপাতলী বাস টার্মিনাল এবং নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সব যাত্রীবাহী পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানিয়েছে, রূপাতলী বাস টার্মিনালকেন্দ্রিক শ্রমিক সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নে পরিমল দাস ও আহমেদ শাহরিয়ার বাবুর নেতৃত্বাধীন সদ্য গঠিত কমিটি আজ সকাল থেকে রূপাতলী বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার জন্য টার্মিনালে অবস্থান নেয়। এ সময় সংগঠনের অপর অংশের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বাধীন পক্ষ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর জেরে সকাল ৯টা থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন
প্রথম আলো

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে রূপাতলী বাস টার্মিনালকেন্দ্রিক শ্রমিক সংগঠন মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আসছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ও সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। প্রায় দুই মাস আগে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসকে সভাপতি ও টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আহমেদ শাহরিয়ার বাবুকে সাধারণ সম্পাদক করে পৃথক একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে।

একপক্ষের নেতা সুলতান মাহমুদ বলেন, পরিমল চন্দ্র দাস ও আহমেদ শাহরিয়ার বাবুর নেতৃত্বে গঠিত কমিটিকে সাধারণ শ্রমিকেরা মেনে নেননি। তাঁরা জোরপূর্বক টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আজ পরিমল-বাবুর লোকজন টার্মিনালে অবস্থান নিয়ে তাঁর (সুলতান) শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন। এ সময় সদ্য গঠিত ওই কমিটির বাবুল, হান্নান মৃধা, শওকত খানসহ কয়েকজন মিলে হামলা করে পাঁচ শ্রমিককে আহত করেন।

বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষের পর হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেয় এক পক্ষ। বৃহস্পতিবার বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে
প্রথম আলো

তবে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য গঠিত কমিটির সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিন পর আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়। শ্রমিকেরা সকালে যাত্রী তোলার কাজে করছিলেন। আকস্মিকভাবে সুলতান মাহমুদের লোকজন হামলা চালান। এতে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির মৃধাসহ পাঁচজন আহত হন। পরিমল চন্দ্র দাস বলেন, তাঁরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন। আসামিদের গ্রেপ্তার না করা হলে কাল সকাল থেকে আবার বাস চলাচল বন্ধ করে দেবেন।

বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন বলেন, হামলার প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। পরে তাঁরা নথুল্লাবাদ বাস টার্মিনালের মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে সভা করে মালিক সমিতির সহসভাপতি নাসির মৃধাসহ অন্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনকে কাল সকাল আটটা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। এ সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল সকাল আটটা থেকে দুই টার্মিনালের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।