বরিশালে মাইক্রোবাস–টেম্পোর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নাসির উদ্দীন বিশ্বাস (৫৫), জাহাঙ্গীর হাসেন মৃধা (৪৫) ও মিরাজুল ইসলাম (৩২)। তাঁদের তিনজনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

ঝালকাঠির নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, সোমবার সকালে বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো বরিশালের উদ্দেশে আসছিল। পথে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর তিন যাত্রী ও মাইক্রোবাসচালক গুরুতর আহত হন।

পুলিশ পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে নির্মাণশ্রমিক নাসির বিশ্বাসের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসচালক জাহাঙ্গীর হোসেন ও সবজি ব্যবসায়ী মিরাজুলকে ঢাকায় পাঠানো হয়। পথে জাহাঙ্গীর ও মিরাজুলের মৃত্যু হয়। নাসির নামের আরও একজন গুরুতর আহত অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।