বরিশালে মাদক নিরাময় কেন্দ্র থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ উদ্ধার
প্রতীকী ছবি

বরিশাল নগরের একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে আজ শুক্রবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম চন্দন সরকার (২৫)। তিনি জেলার আগৈলঝাড়া উপজেলার বড়পাইকা এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে।

স্বজনেরা অভিযোগ করেছেন, চন্দন সরকারকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে নগরের নবগ্রাম রোডের হলি কেয়ার নামের ওই নিরাময় কেন্দ্রটির কর্মীরা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, চন্দন রাতের কোনো একসময়ে শৌচাগারে গলায় গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক শাহজালাল মল্লিক বলেন, খবর পেয়ে হলি কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চতুর্থ তলার মেঝে থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওই যুবকের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বজনেরা অভিযোগ করেছেন, চন্দন সরকারকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে নিরাময় কেন্দ্রটির কর্মীরা বলেছেন, চন্দন আত্মহত্যা করেছেন।

চন্দনের মামা নিবাস মুহুরী বলেন, ‘আমার ভাগনে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আসতে চায়নি। সে বলেছিল, এসব কেন্দ্রে অনেক টর্চার করা হয়। আমরা তার কথা শুনিনি। ৭ আগস্ট হলি কেয়ারে দিয়ে গিয়েছি। তখন কোমরের বেল্টটি পর্যন্ত রাখতে দেয়নি। রশি বা গামছা তো দূরের কথা। তাহলে গামছা পেল কীভাবে?’ নিবাস মুহুরী বলেন, ‘ভোর রাতে হলি কেয়ার থেকে মুঠোফোনে আমাকে জানানো হয় চন্দন আত্মহত্যা করেছে। কিন্তু আমি তা বিশ্বাস করি না। আমার ভাগনেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।’

জানতে চাইলে হলি কেয়ারের ব্যবস্থাপক মাইনুল হক প্রথম আলোকে বলেন, হলি কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মোট ২৮ জন ভর্তি ছিলেন। এর মধ্যে একজন ‘অ্যাক্সিডেন্টে’ মারা গেছেন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে নিয়ে গেছে। বিস্তারিত তারাই বলতে পারবে।

হলি কেয়ারের চতুর্থ তলার দায়িত্বে থাকা ভলান্টিয়ার সরোয়ার হোসেন বলেন, ‘রাত সোয়া তিনটার দিকে আমাকে ডেকে তোলা হয়, একজন বাথরুমে আত্মহত্যা করেছে বলে অন্যরা জানায়। উঠে দেখি, চন্দন সরকার গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আমরা তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে মেঝেতে এনে রাখি।’