বরিশালে মাস্ক ছাড়াই বাজারে লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যবিধি ও মাস্কের বিষয়ে উদাসীন বাজারের লোকজন। আজ রোববার দুপুরে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার চিত্র।
ছবি: প্রথম আলো

বরিশাল নগরে করোনা সংক্রমণ পরিস্থিতি অবনতি হলেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা তেমন দেখা যাচ্ছে না। নগরের সড়ক ও বাজারে মানুষের উপচে পড়া ভিড় লেগেই আছে। তবে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পরার ক্ষেত্রে তাঁরা উদাসীন।

আজ রোববার সকালে নগরের চকবাজার, ফলপট্টি, পোর্ট রোড, সদর রোড, বটতলা, চৌমাথা বাজার, বাংলাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। বাজার, শপিংমল ও দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। নগরের সড়কগুলোতে লেগেছে যানজট।

আজ বেলা ১১টার দিকে নগরের পোর্ট রোড বাজারে ক্রেতাদের ভিড়ে ঠাসা ছিল। আবুল কালাম নামের একজন ক্রেতার মুখে মাস্ক দেখা গেল না। মাস্কের বিষয়ে তিনি বলেন, এখন অনেকেই তো মাস্ক পরেন না। আরেকজন ক্রেতা জালাল আহেমদ পকেট থেকে মাস্ক বের করে বললেন, ‘এই দ্যাখেন, মাস্ক আছে।’

নগরের ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন মার্কেটে গিয়ে দেখা যায়, বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। দোকানে ক্রেতাদের জন্য জীবাণুনাশক রাখা বাধ্যতামূলক করা হলেও বেশির ভাগ দোকানে তা নেই। গাদাগাদি, ঠাসাঠাসি করে ক্রেতারা কেনাকাটা করছেন।
চরবাজার–সংলগ্ন গির্জা মহল্লার ইসলামিয়া মার্কেটের ব্যবসায়ী বেল্লাল হোসেন বললেন, ‘আমরা ক্রেতাদের সব সময় শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করি। অনেকেই শোনেন না, আবার কেউ কেউ বিরক্ত হন।’

এদিকে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে সাতজনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৭৪ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয়েছে তিনজনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, বিভাগে এক সপ্তাহ ধরে সংক্রমণ পরিস্থিতি ক্রমে অবনতি হওয়ায় তাঁরা উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মানা ছাড়া বিকল্প নেই।