বরিশালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবলীগ নেতা নিহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা আবদুল জব্বার হাওলাদার (৫৫) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাকেরগঞ্জ সেতু এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।
নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আবদুল জব্বার গতকাল ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে বরিশাল যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি বাকেরগঞ্জ সেতু এলাকায় পৌঁছালে আবদুল জব্বার
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবদুল জব্বারকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন জানান, গতকাল রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যুবলীগ নেতা আবদুল জব্বারের লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।