বরিশালে লঞ্চের কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার
ঢাকা-বরিশাল পথে চলাচলকারী একটি লঞ্চের কেবিন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে এমভি কুয়াকাটা-২ নামের লঞ্চটি বরিশাল নৌবন্দরে পৌঁছালে নিচতলার লস্কর কেবিন থেকে শারমিন আক্তার (২৬) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শারমিন ঢাকা পলিটেকনিক–সংলগ্ন তেজকুনিপাড়া এলাকার বাসিন্দা এবং তাঁর বাবার নাম এনায়েত হোসেন ফকির। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, আঙুলের ছাপ দিয়ে তরুণীর নাম ও পরিচয় শনাক্ত করা গেছে। তবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি।
লঞ্চের লস্কর মো. সোহাগ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে দুই তরুণ–তরুণী স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটা-২ লঞ্চের নিচতলার তাঁর (লস্কর) থাকার একটি কেবিন ১ হাজার ৮০০ টাকায় ভাড়া নেন। লঞ্চটি ছাড়ার সময়ও তাঁরা দুজন একসঙ্গে ছিলেন। কিন্তু আজ সকালে লঞ্চটি বরিশাল নৌবন্দরে নোঙরের পর সব যাত্রী নেমে গেলেও ওই কেবিনের যাত্রী বের না হওয়ায় লঞ্চ স্টাফরা কেবিনের দরজা ধাক্কাধাক্কি করেন। কিন্তু কেবিনের দরজা তালাবদ্ধ ছিল এবং ভেতর থেকে কারও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে স্টাফদের কাছে থাকা অতিরিক্ত চাবি দিয়ে কেবিনের তালা খুলে ভেতরে তরুণীর লাশ দেখতে পান। তবে সঙ্গে থাকা তরুণকে পাওয়া যায়নি।
ঘটনার পর লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে সেখানে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ, নৌ পুলিশ ও পিবিআইয়ের কর্মকর্তারা আসেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা নিশ্চিত হতে তদন্ত চলছে। আমরা লঞ্চের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে। ওই তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।’
বরিশাল-ঢাকা নৌপথে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে প্রায়ই। ২০১৯ সালের ২০ জুলাই বরিশালে এমভি সুরভী-৮ নামের একটি লঞ্চের স্টাফ কেবিন থেকে আঁখি নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁকে শ্বাস রোধে হত্যা করা হয়েছিল।
২০১৮ সালের ৪ এপ্রিল বরিশালগামী পারাবত-৯ লঞ্চে সিফাত নামের এক তরুণীকে হত্যার পর নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ২০১৬ সালের ১৬ আগস্ট ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১০ লঞ্চের কেবিন থেকে উদ্ধার করা হয় মিনারা বেগম নামের এক নারীর লাশ।
২০২০ সালের ১৪ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌস নামের অপর এক নারীর লাশ উদ্ধার করা হয় পারাবত-১১ লঞ্চের ৩৯১ নম্বর সিঙ্গেল কেবিন থেকে। ওই বছরের ১৭ নভেম্বর সকালে সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে শামীম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। চলতি বছরের ২৯ আগস্ট বরিশাল থেকে ছেড়ে যাওয়া পারাবত-১২ নামের একটি লঞ্চ থেকে অজ্ঞাত অপর এক নারীর লাশ উদ্ধার হয়।
বরিশাল নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবছর লঞ্চে এমন হত্যাকাণ্ড ঘটেই চলছে। এ ক্ষেত্রে লঞ্চগুলোতে নিরাপত্তার ঘাটতি রয়েছে। লঞ্চ কর্তৃপক্ষেরও উদাসীনতা রয়েছে। এসব হত্যাকাণ্ড রোধে লঞ্চের নিরাপত্তা জোরদার ও যাত্রীদের বিশেষ করে কেবিনের যাত্রীদের পূর্ণাঙ্গ ঠিকানা, পরিচয়পত্রের নম্বর সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। আমরা এ ঘটনায় জড়িত আসামিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’