বরিশালে শ্রমিক ফ্রন্ট নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ
বরিশালে শ্রমিক ফ্রন্টের সদস্য দীপু হালদার হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ রোববার বেলা ১১টার দিকে নগরের সদর রোডে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ হয়।
দীপু হালদার বরিশাল মহানগরের ২৯ নম্বর ওয়ার্ডের সংগঠক ও জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য ছিলেন। ২৭ জানুয়ারি রাতে নগরের ইছাকাঠির বাঘিয়া এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাঘাতে নিহত হন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দীপু হালদার প্রগতিশীল মানসিকতার মানুষ ছিলেন। তাঁর বাবা রমেন্দ্রনাথ হালদার ছিলেন বীর মুক্তিযোদ্ধা। নিজ বসতবাড়ি এলাকায় তাঁকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বাসদের বরিশাল জেলা শাখার সদস্য দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার সাধারণ সম্পাদক আবদুল মানিক হাওলাদার, বাসদ নেতা কাজল দাস প্রমুখ।
বরিশাল নগরের বিমানবন্দর থানার বাঘিয়া এলাকায় ২৭ জানুয়ারি দীপু হালদারকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত অভিযোগে ডেভিড মিস্ত্রি নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।