বরিশালে হাতকড়াসহ আসামি ছিনতাই, আড়াই ঘণ্টা পর উদ্ধার
বরিশালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় আসামি শহিদুল ইসলামকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেন স্থানীয় একদল যুবক। অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তার একটি ওয়্যারলেস সেট ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। গতকাল সোমবার রাত ১১টার দিকে নগরের ডিসিঘাট–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে দিবাগত রাত দেড়টার দিকে ওই আসামিকে গ্রেপ্তার করে। ছিনতাই হওয়া ওয়্যারলেস সেটটিও উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডিসিঘাট–সংলগ্ন কীর্তনখোলা নদীতীরের একটি রেস্তোরাঁয় পিকনিক করছিলেন একদল যুবক। রাত সাড়ে ১০টার দিকে রেস্তোরাঁর নিচ থেকে লঞ্চঘাট এলাকায় এক চালককে কুপিয়ে জখম করার ঘটনায় করা মামলার পরোয়ানাভুক্ত আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। এ সময় শহিদুলের সহযোগী ৪০ থেকে ৫০ জন যুবক পুলিশের দলকে ঘিরে ফেলেন এবং তাদের হাত থেকে গ্রেপ্তার শহিদুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান।
খবর পেয়ে মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। রাত দেড়টার দিকে নগরের ভাটার খালসংলগ্ন বস্তি থেকে শহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে হাতকড়া ও ছিনিয়ে নেওয়া ওয়্যারলেস সেটটি উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘রাতেই আমরা শহিদুলকে গ্রেপ্তার করেছি। একই সঙ্গে হাতকড়া ও ওয়্যারলেস সেটটি উদ্ধার করতে পেরেছি। যাঁরা তাঁকে ছিনিয়ে নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হবে। তাঁদের ধরতে অভিযান চলছে।’