বরিশালে হামলা-সংঘর্ষে গ্রেপ্তার ১২ জনের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ইউএনওর বাসায় হামলার পর উত্তপ্ত পরিস্থিতি
ফাইল ছবি

বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার অপসারণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে করা পৃথক দুই মামলায় গ্রেপ্তার ১২ জনকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জামিন মঞ্জুর করেন।

এর আগে ১২ জনের পক্ষে গত রোববার জামিন আবেদন করা হয়েছিল। ওই দিন বিচারক শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, আজ দুপুরে ১২ জনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। শুনানির পর বিচারক ১০ হাজার টাকা মুচলেকায় ১২ জনের জামিন মঞ্জুর করেন। পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত এ জামিন মঞ্জুর করা হয়।

জামিন পাওয়া ১২ জনের মধ্যে আছেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ।

এর আগে গত ২৬ আগস্ট ইউএনও এবং পুলিশের করা পৃথক মামলায় গ্রেপ্তার ২১ জনের জামিন আবেদন করা হলে ৯ আসামিকে জামিন দেন বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

আসামিপক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, ১২ জনের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। তাঁরা আজই কারাগারমুক্ত হবেন।

১৮ আগস্ট রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি সড়কে উপজেলা পরিষদ কমপ্লেক্সে থাকা শোক দিবসের ব্যানার অপসারণকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। এ সময় ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে বলে ইউএনও অভিযোগ করেন।

পরদিন ইউএনও বাদী হয়ে মামলা করেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক শাহজালাল মল্লিক আরেকটি মামলা করেন। দুটি মামলায় বরিশাল সিটির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়। ২২ আগস্ট রাতে বিভাগীয় কমিশনার সাইফুল হাসানের সরকারি বাসভবনে প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বৈঠকে বিষয়টি সমঝোতা হয়।