বরিশালে হাসপাতালে কোভিড রোগীর মৃত্যু

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই রোগীর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। এর আগে শনিবার সকালে ওই হাসপাতালে বরিশাল নগরের অপর এক কোভিড রোগীর (৬০) মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, ১০ জুন করোনার উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যক্তি ভর্তি হন। পরে তাঁর নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ শনাক্ত হয়।
হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ওই ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, বরিশালে গত ২৮ মার্চ থেকে রোববার পর্যন্ত কোভিড পজিটিভ হয়ে মারা গেছেন ৩৩ জন। এর মধ্যে বরিশাল জেলায় ১৩ জন, পটুয়াখালী জেলায় ১০ জন, পিরোজপুর ও ঝালকাঠিতে ৩ জন করে এবং বরগুনা ও ভোলা জেলায় ২ জন করে মারা গেছেন। এদিকে ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে আরও ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো ১ হাজার ৪৫২ জনের।