বরিশালে হাসপাতালের নালা থেকে নবজাতকের লাশ উদ্ধার
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একটি নালা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। কে বা কারা এই নবজাতকের লাশটি ফেলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে হাসপাতালের রোগীদের স্বজন ও অন্যরা জরুরি বিভাগের ফটকের পাশের নালায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন ভিড় করেন। পরে বিষয়টি বরিশাল কোতোয়ালি মডেল থানায় জানানো হয়। এরপর সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।
কে বা কারা এই নবজাতকের লাশটি ফেলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, নবজাতকের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম বলেন, ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার রাতেই লাশটি ফেলে রেখে গেছে কেউ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।