বরিশালে ৪১ ইউপিতে আওয়ামী লীগের জয়
ককটেল বিস্ফোরণে দুজন নিহত হওয়াসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সোমবার প্রথম ধাপে বরিশাল জেলার ৫০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৪১টি ইউপিতে আওয়ামী লীগ, তিনটিতে জাতীয় পার্টি, একটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পাঁচটিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা জয়ী হয়েছেন। জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশাল সদর উপজেলা
কাশিপুর ইউনিয়নে আওয়ামী লীগের কামাল হোসেন মোল্লা, জাগুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের হেদায়েত উল্লাহ খান, চরবাড়িয়া ইউনিয়নে নৌকার মাহতাব হোসেন এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান নির্বাচিত হয়েছেন।
বাবুগঞ্জ উপজেলা
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান খান জয়ী হয়েছেন। এ ছাড়া কেদারপুর ইউনিয়নে আওয়ামী লীগের নূরে আলম, দেহেরগতিতে আওয়ামী লীগের মশিউর রহমান এবং মাধবপাশা ইউনিয়নে জাতীয় পার্টির সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
গৌরনদী উপজেলা
গৌরনদী উপজেলার সাত ইউনিয়নের ছয়টিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তাঁরা হলেন খাঞ্জাপুর ইউনিয়নের নূর আলম সেরনিয়াবাত, বাটাজোরের আবদুর রব হাওলাদার, বার্থী ইউনিয়নে আবদুর রাজ্জাক, মাহিলারা ইউনিয়নে সৈকত গুহ পিকলু, চাঁদশীর নজরুল ইসলাম এবং নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা। আর সরিকল ইউনিয়নে ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন মোল্লা।
বানারীপাড়া উপজেলা
এই উপজেলার পাঁচ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও দুটিতে ভোটে জিতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করা প্রার্থীরা হলেন উদয়কাঠি ইউনিয়নের রাহাদ আহম্মেদ, বিশারকান্দির সাইফুল ইসলাম শান্ত, ইলুহারের শহিদুল ইসলাম, বানারীপাড়া সদরের আবদুল জলিল ঘরামী ও সলিয়াবাকপুর ইউনিয়নের সিদ্দিকুর রহমান। এ ছাড়া চাখার ইউনিয়নে আওয়ামী লীগের মজিবুল হক ও বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগের শ্যামল চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলা
উপজেলার চরাদি ইউনিয়নে আওয়ামী লীগের শফিকুল ইসলাম, দাড়িয়ালে আওয়ামী লীগের শহিদুল ইসলাম হাওলাদার, ফরিদপুরে আওয়ামী লীগের শফিকুর রহমান এবং কবাই ইউনিয়নে আওয়ামী লীগের জহিরুল হক তালুকদার চেয়ারম্যান হয়েছেন। এ ছাড়া নলুয়ায় আওয়ামী লীগের ফিরোজ আলম খান, কলসকাঠিতে আওয়ামী লীগের ফয়সাল ওয়াহিদ মুন্না, গারুড়িয়ায় জাপার এস এম কাইয়ুম খান, ভরপাশায় আওয়ামী লীগের আশ্রাফুজ্জামান খোকন, রঙ্গশ্রীতে আওয়ামী লীগের বশিরউদ্দিন এবং পাদ্রীশিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের জাহিদুল হাসান নির্বাচিত হয়েছেন। উপজেলায় দুধল ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোর্শেদ।
হিজলা উপজেলা
বড়জালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের এনায়েত হোসেন তালুকদার চেয়ারম্যান হয়েছেন। এ ছাড়া গুয়াবাড়িয়ায় আওয়ামী লীগের শাহজাহান তালুকদার, হরিনাথপুরে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান এবং মেমানিয়ায় স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিননির্বাচিত হয়েছেন।
মেহেন্দীগঞ্জ উপজেলা
মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়নে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন। ভাষানচর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নজরুল ইসলাম।
মুলাদী উপজেলা
এই উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কামরুল আহসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। এ ছাড়া নাজিরপুর ইউনিয়নে নৌকার মোস্তাফিজুর রহমান, সফিপুরে নৌকার আবু মুসা, গাছুয়ায় নৌকার জসীম উদ্দিন, চরকালেখায় জাপার মিরাজুল ইসলাম এবং কাজিরচর ইউনিয়নে নৌকা প্রতীকের মন্টু বিশ্বাস জয় হয়েছেন।
উজিরপুর উপজেলা
শোলক ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবদুল হালিম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন। এ ছাড়া সাতলা ইউনিয়নে নৌকার প্রার্থী শাহীন হাওলাদার, জল্লায় নৌকা প্রতীকের বেবী রানী দাস, ওটরায় নৌকার এম এ খালেক এবং বড়াকোঠা ইউনিয়নে নৌকার সহিদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।