বরুড়ায় শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন ছাত্র!
কুমিল্লার বরুড়া উপজেলায় এক ছাত্র তাঁর শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছাত্র মেহেদী হাসান উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র। একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাসুদুর রহমান মজুমদারের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
কলেজ সূত্রে জানা গেছে, আড্ডা ডিগ্রি কলেজ থেকে ২০১৪ সালে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উপজেলার ছোট তুলাগাঁও গ্রামের মেহেদী হাসান। গত ১ জুলাই মেহেদী একাদশ শ্রেণির ইংরেজি ক্লাসে বিনা অনুমতিতে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় মাসুদুর রহমান মেহেদীকে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তখন মেহেদী তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন এবং শিক্ষকের মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন।
মাসুদুর রহমানের অভিযোগ, এ ঘটনায় গত মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেদী ও তাঁর সঙ্গীরা তাঁর (মাসুদুর) মোটরসাইকেল পুড়িয়ে দেন। এ সময় মোটরসাইকেলটি কলেজ ছাত্রাবাসের নিচতলায় ছিল। ওই সময় তিনি অন্য শিক্ষকদের সঙ্গে ছাত্রাবাসের দোতলায় ছিলেন। হঠাৎ করে তাঁরা আগুন দেখতে পান। এরপর শিক্ষক ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা আগুন নেভাতে সক্ষম হন। পুড়ে যাওয়া মোটরসাইকেল পুলিশ থানায় নিয়ে গেছে।
পরে মাসুদুর রহমান মেহেদীসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তিনি বলেন, ‘মেহেদী হাসানই ওই কাজ করেছে। অতীতে সে আমার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।’ এ ব্যাপারে মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে কলেজে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল পাশা পাটোয়ারী বলেন, অভিযুক্ত ছাত্রকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ অধ্যাপক নুরুল ইসলাম মিলন বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলা হয়েছে।