ফরিদপুর জেনারেল হাসপাতাল
বর্জ্য নিচ্ছে না পৌরসভা, দুর্ভোগ
দুই মাস ধরে ময়লা পরিষ্কার না করায় হাসপাতালের উত্তর দিকে স্তূপ করে রাখা বর্জ্য দুর্গন্ধ ছড়াচ্ছে।
বকেয়া পৌরকর পরিশোধ করা নিয়ে সৃষ্ট জটিলতায় ফরিদপুর জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল বর্জ্য পরিষ্কার করা বন্ধ করে দিয়েছে পৌরসভা। প্রায় দুই মাস ধরে ময়লা পরিষ্কার না করায় হাসপাতাল ক্যাম্পাসের উত্তর দিকে ডাস্টবিন–সংলগ্ন সড়কে স্তূপ করে রাখা বর্জ্য দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিবেশ দূষিত হচ্ছে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, চিকিৎসক, নার্স, নিবাসীসহ পথচারীদের। সঙ্গে রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কের উত্তর দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের অবস্থান। এর পূর্ব পাশেই রয়েছে ফরিদপুর পৌরসভা ভবন। ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়কে দেওয়া পৌরসভার চিঠি সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত ৯ বছর ফরিদপুর জেনারেল হাসপাতালের পৌরকর বকেয়া রয়েছে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ৮৩ টাকা। এ টাকা পরিশোধ করা হয়নি বলে বর্জ্য অপসারণ করা বন্ধ করে দিয়েছে পৌরসভা।
সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, পৌরসভার হিসাব বিভাগ থেকে বকেয়ার বছরওয়ারি হিসাব ও প্রত্যয়ন চাইলেও তা দিতে পারছে না। এ জন্য বকেয়ার টাকা পরিশোধ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
* ৯ বছর ফরিদপুর জেনারেল হাসপাতালের পৌরকর বকেয়া রয়েছে ১ কোটি ৬৪ লাখ ১২ হাজার ৮৩ টাকা। * পৌরসভার হিসাব বিভাগ থেকে বকেয়ার হিসাব ও প্রত্যয়ন চাইলেও তা দিতে পারছে না।
গত সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় ফটক দিয়ে ঢুকে বাঁ দিকে ডায়রিয়া ওয়ার্ড ও ডান দিকে সার্জারি ওয়ার্ড রেখে সামনে উত্তর দিকে এগোতেই থোকায় থোকায় লাল ফুল ফুটে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের দিকে চোখ পড়ল। গাছের নিচের দিকে তাকাতেই দুই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। ডাস্টবিন উপচে পড়ে কেমিক্যাল বর্জ্য ছড়িয়ে পড়েছে রাস্তায়। স্তূপ করে রাখা ময়লার অদূরে পশ্চিম পাশে হাসপাতাল জামে মসজিদ। ওই মসজিদে হাসপাতাল–সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও আশপাশ এলাকার লোকজন নিয়মিত নামাজ পড়েন। তাঁরাসহ এ রাস্তায় যাওয়া-আসা করতে হয় ওই হাসপাতালের চিকিৎসক, নার্সসহ তিনটি আবাসিক ভবনে বসবাসকারী ১৭টি পরিবারের সদস্যদের।
দুর্ভোগ চরমে
হাসপাতাল মসজিদে নিয়মিত নামাজ পড়েন পাশের খান বেকারির কর্মচারী মো. রজব আলী (২৭)। তিনি বলেন, ‘প্রতিদিনই মসজিদে নামাজ পড়ি। মসজিদে ময়লার গন্ধ আসে। আগে কোয়ার্টার এলাকার নলকূপ থেকে পানি আনতাম। এখন গন্ধের জন্য পানি আনতে যাই না।’
ডায়রিয়া ওয়ার্ডে ছয় বছরের ছেলে সাইফুলকে (৬) ভর্তি করেছেন ফরিদপুর সদরের বখুন্ডা এলাকা থেকে আসা শামীমা আক্তার। তিনি বলেন, ময়লা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ওয়ার্ডের উত্তর পাশের জানালাগুলো খোলা যাচ্ছে না। যে অবস্থা, তাতে রোগ সারাতে এসে নতুন রোগ নিয়ে বাড়ি ফিরে যেতে না হয়। তিনি বলেন, ‘ওয়ার্ডের ভেতরে হাসপাতালের লোকজন পরিষ্কার করেন, আমি তিন দিন ধরে আছি। এর মধ্যে স্তূপ করে রাখা ময়লা কাউকে পরিষ্কার করতে দেখলাম না। গোসল করতে ও পানি আনতে আমাদের ওই পথে যাতায়াত করতে হয়। তখন মুখে কাপড় বেঁধে চলাচল করতে হয়।’
বকেয়ার বছরওয়ারি হিসাব ও হিসাব বিভাগ থেকে বকেয়া পৌরকর জমা পড়েনি মর্মে একটি প্রত্যয়নপত্র চাওয়া হয়। জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ওই প্রতিবেদন না দিয়ে তাঁকে জানান, পাঁচ বছরের বেশি পুরোনো হিসাব দেওয়া সম্ভব নয়।মো. ছিদ্দীকুর রহমান, সিভিল সার্জন, ফরিদপুর
ফরিদপুর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনায়েদ হাসানের বাবা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী জালাল আহমদ। হাসপাতালের আবাসিক ভবনে জুনায়েদদের বাসা। জুনায়েদ জানায়, গন্ধের জন্য বাড়িতে থাকা যায় না। জানালা বন্ধ করে রাখতে হয়। স্কুলে যাওয়ার সময় ওই পথ পার হতে গন্ধে পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। বৃষ্টি হলে পানি জমে ময়লা রাস্তায় ছড়িয়ে পড়ে।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মর্জিয়া খানম (৫৪) বলেন, ‘ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় হাঁটাচলায় সমস্যা হচ্ছে। পাশে ডায়রিয়া ওয়ার্ড থাকায় স্বাস্থ্যঝুঁকি আছে। আমরা ওয়ার্ড মাস্টারের মাধ্যমে কর্তৃপক্ষকে বলি, কিন্তু কাজ হয় না।’
ফরিদপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. শহীদুল ইসলাম বলেন, ‘দূষিত পরিবেশের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে আমাদের প্রতিদিন কাজ করতে হচ্ছে। স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। পৌরকর বাকি থাকায় পৌরসভা গত দুই মাস ধরে ময়লা নেওয়া বন্ধ করে দিয়েছে। পৌরসভা জনগণের, হাসপাতালও জনগণের। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।’
যা বলছে কর্তৃপক্ষ
যোগাযোগ করলে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রথম আলোকে বলেন, ‘বকেয়া টাকা না পেলে ময়লা পরিষ্কার করব কীভাবে? আমাকে তো কর্মচারীদের বেতন দিতে হয়। যে ময়লা জমেছে, তা হাসপাতাল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে পরিষ্কারের ব্যবস্থা করতে পারে।’ মেয়র বলেন, ‘চলতি সালের টাকা দিতে হলে বকেয়াসহ দিতে হবে। আমার জানামতে সিভিল সার্জন বকেয়ার সমুদয় টাকা পেয়েছেন। কিন্তু টাকা পেয়েও পৌরকর পরিশোধ করছেন না।’
জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ‘যে বকেয়া জমা হয়েছে, তা আমি এ কর্মস্থলে আসার বহুদিন আগের।
উচিত ছিল প্রতি বছরের পৌরকর ওই বছরেই আদায় করা। বকেয়ার কথা জানালে মন্ত্রণালয় থেকে ১ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল। পাশাপাশি এ টাকা প্রদানের জন্য পৌরসভা থেকে বকেয়ার বছরওয়ারি হিসাব ও হিসাব বিভাগ থেকে বকেয়া পৌরকর জমা পড়েনি মর্মে একটি প্রত্যয়নপত্র চাওয়া হয়। জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ওই প্রতিবেদন না দিয়ে তাঁকে জানান, পাঁচ বছরের বেশি পুরোনো হিসাব তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়; কেননা পাঁচ বছর পর তারা তা ধ্বংস করে দেন। হিসাব ও প্রত্যয়ন পাওয়া যাচ্ছে না বলে বকেয়ার টাকা দিতে পারছি না।’