বিশ্ব পরিবেশ দিবস আজ
বর্জ্য সরবরাহ নেই, জৈব সার উৎপাদন ব্যাহত
২০১৬ সালে চালু হওয়ার কিছুদিন পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। পাঁচ বছর বন্ধ থাকার পর এটি আবার চালু করার উদ্যোগ নেয় রংপুর সিটি করপোরেশন।
রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে ছয় বছর আগে প্রায় সোয়া দুই কোটি টাকা ব্যয়ে বর্জ্য থেকে জৈব সার তৈরির প্রকল্প নেওয়া হয়। কিন্তু কর্মকর্তারা বলেন, বাছাই করা প্রয়োজনীয় পচনশীল বর্জ্য সরবরাহ না থাকায় জৈব সার উৎপাদন করা যাচ্ছে না। ফলে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, পচনশীল বর্জ্য থেকে প্রক্রিয়াজাত করে জৈব সার তৈরি করার জন্য ২০১৬ সালে রংপুর নগরের নাচনিয়া এলাকায় প্রায় এক একর জমির ওপর এ প্ল্যান্ট গড়ে তোলা হয়। ব্যয় হয়েছে প্রায় সোয়া দুই কোটি টাকা। পরিবেশ অধিদপ্তরের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রথমে একটি বেসরকারি সংস্থাকে জৈব সার তৈরির কাজ দেওয়া হলেও তারা পারেনি। ফলে বন্ধ হয়ে যায় প্রকল্পটির কাজ। পাঁচ বছর পর গত ডিসেম্বরে আবার চালু করার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। নতুন করে চুক্তি করা হয় ছিন্নমূল মহিলা সমিতির সঙ্গে। চুক্তি অনুযায়ী এ প্রতিষ্ঠানকে পচনশীল বর্জ্য সরবরাহ করতে হবে।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পচনশীল বর্জ্য থেকে সার তৈরির জন্য সেখানে ২১টি প্রকোষ্ঠ রয়েছে। প্রতিটি প্রকোষ্ঠ প্রায় ২১০ বর্গফুট আয়তনের। এসব প্রকোষ্ঠে প্রায় ১৫ টন পচনশীল বর্জ্যের ধারণক্ষমতা রয়েছে। এখানে পচনশীল বর্জ্য ৩০ থেকে ৩৩ দিন রাখার পর তা পুরোটা পচে যায়। এরপর তা চালনি দিয়ে ছেঁকে বস্তায় ভরা হয়। ১০ কেজি বর্জ্য থেকে ৩–৪ কেজি জৈব সার পাওয়া যায়।
গতকাল শনিবার প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, পচনশীল বর্জ্য রাখার বেশির ভাগ প্রকোষ্ঠ শূন্য। কয়েকটি প্রকোষ্ঠে বস্তায় মোড়ানো জৈব সার।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান কর্মকর্তা মিজানুর রহমান বলেন, জৈব সার তৈরির জন্য দৈনিক পচনশীল বর্জ্য লাগে ২০ মেট্রিক টন। এর বিপরীতে মাত্র দুই থেকে তিন মেট্রিক টন বর্জ্য দেওয়া সম্ভব হচ্ছে। মাঝেমধ্যে এটিও সম্ভব হয়ে ওঠে না। সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় প্রতিদিন বর্জ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০০ মেট্রিক টন। এর মধ্য থেকে ট্রাক ও ভ্যানে করে ৬০ থেকে ৬৫ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়। এসব বর্জ্য নগরের নাচনিয়া এলাকার কলাবড়ি স্থানে খোলা জায়গায় ফেলা হয়। এই কাজে নিয়োজিত রয়েছেন ৬৮০ জন পরিচ্ছন্নতাকর্মী। কিন্তু সংগ্রহ করা এসব বর্জ্য হলো মিশ্র বর্জ্য। এসব বর্জ্য থেকে পচনশীল বর্জ্য তাঁরা পৃথক করেন না। এ কারণে ওই প্রতিষ্ঠানকে শুধু পচনশীল বর্জ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
ছিন্নমূল মহিলা সমিতির জৈব সার প্রকল্পের ব্যবস্থাপক আবুল হাসান বলেন, গত বছরের ডিসেম্বরে প্রকল্প শুরু করার পর প্রথম প্রথম পচনশীল বর্জ্য পাওয়া যেত। বর্তমানে মাত্র তিন থেকে চার টন বর্জ্য পাওয়া যায়।
পচনশীল বর্জ্য না পাওয়ায় তাঁদের কার্যক্রম প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে। এ নিয়ে করপোরেশনকে বহুবার তাগাদা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জৈব সার তৈরির জন্য সংগ্রহ করা বর্জ্য থেকে পচনশীল বর্জ্য পৃথক করে দেওয়ার কথাও বলা হচ্ছে। কিন্তু তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না।
সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, বর্জ্য সংগ্রহের সময় একেবারে
উৎস থেকে কীভাবে পচনশীল বর্জ্য আলাদা করা যায়, এটি নিয়ে তাঁরা ভাবছেন। আশা করা যাচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে জৈব সার উৎপাদনে গতি ফিরে আসবে।