বর্ণিল ফ্যাশনে ঈদের বারতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার–প্রথম আলো ঈদ ফ্যাশন ২০২২–এ শীর্ষ দশ ফ্যাশন ডিজাইনারের সঙ্গে অতিথিরা। শুক্রবার রাতে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে–ভিউতে
ছবি: সৌরভ দাশ

ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে আটটা। মিলনায়তনে শত মানুষের জমজমাট উপস্থিতি। করোনাকালের বিষণ্নতা ভুলে তাঁরা এক হয়েছেন। সবার চোখেমুখে উচ্ছ্বাস। দীর্ঘ বন্দিত্বেরও যেন অবসান। আর আগাম বার্তা দিচ্ছে ঈদের। আলোঝলমলে মঞ্চে ডিজাইনারদের নজরকাড়া নকশার পোশাক জানিয়ে দিল এবারের ঈদের ফ্যাশন ট্রেন্ড।

বার্জার–প্রথম আলো ঈদ ফ্যাশন ২০২২–এ শীর্ষ দশ ফ্যাশন ডিজাইনারের তৈরি করা পোশাক পরে মডেলরা। শুক্রবার রাতে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে–ভিউতে
ছবি: প্রথম আলো

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু বে–ভিউয়ের মোহনা হলে বসে বার্জার-প্রথম আলো ঈদ ফ্যাশন শোর আসর। এবারের আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জিপিএইচ ইস্পাত লিমিটেড। সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত নানা পেশার আমন্ত্রিত অতিথিরা। ‘শোন শোন সুজন আমার’ গানের সঙ্গে নৃত্যশিল্পীদের পরিবেশনায় শুরু হয় অনুষ্ঠান।

১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্রথম আলো। এবার ২১তম আসর। করোনা মহামারির জন্য ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতা হতে পারেনি।

বার্জার–প্রথম আলো ঈদ ফ্যাশন শোর আসরে অতিথিরা। শুক্রবার রাতে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে–ভিউতে
ছবি: প্রথম আলো

মহামারির দুঃসহ সময় পেরিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জীবন। আর সেই মুহূর্তগুলো বর্ণিল করতে আবারও আয়োজনের ধারায় ফিরল প্রথম আলোর ঈদ ফ্যাশন শো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, এ আয়োজনের প্রাপ্তিও কম নয়। অনেক খ্যাতিমান ডিজাইনারের উত্থান এ আসর থেকে। দেশীয় পোশাকশিল্পকে সমৃদ্ধ করেছে প্রথম আলোর এ প্রতিযোগিতা।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘করোনার কারণে ঘোরলাগা দুঃসময় ছিল। সে অবস্থা পার করে এসেছি। এবার প্রতিযোগিতার পরিবর্তে ফ্যাশন শো বলছি। কারণ, এখন প্রতিযোগিতার সময় নয়, সময় এখন সহযোগিতার। সময় এখন এগিয়ে যাওয়ার।’

বার্জার–প্রথম আলো ঈদ ফ্যাশন ২০২২–এ শীর্ষ দশ ফ্যাশন ডিজাইনারের তৈরি করা পোশাক পরে মডেলরা। শুক্রবার রাতে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে–ভিউতে
ছবি: প্রথম আলো

করোনাকালে মারা যাওয়া তিন শিল্পী—সুব্রত বড়ুয়া, খালিদ আহসান ও শিমুল খালেদকে অনুষ্ঠানে স্মরণ করেন তিনি। বলেন, প্রথম আলোর ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তাঁরা তিনজন।

বিশ্বজিৎ চৌধুরীর বক্তব্যের পরপরই শুরু হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ। ঝলমলে মঞ্চে দ্যুতি ছড়ানো রং-বাহারি পোশাক পরে হাজির হন মডেলরা। ডিজাইনারদের করা এসব পোশাকে ছিল ঈদের বারতা। পোশাকে নানা নকশা আর বৈচিত্র্য থাকলেও সব কটিতে ছিল রঙিন আর উজ্জ্বল রঙের দাপট। মহামারির অন্ধকার সময়কে বিদায় জানাতেই যেন এ আয়োজন ডিজাইনারদের।

বার্জার–প্রথম আলো ঈদ ফ্যাশন ২০২২–এ শীর্ষ দশ ফ্যাশন ডিজাইনারের তৈরি করা পোশাক পরে মডেলরা। শুক্রবার রাতে র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে–ভিউতে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের অন্যতম বৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির সদস্যদের পরিবেশনা। চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি মঞ্চে নিয়ে আসেন অভিনেত্রী তমা মির্জা, পরিচালক রায়হান রাফি, সংগীত পরিচালক সন্ধি, শিল্পী অবন্তী সিঁথি ও বহ্নি হাসানকে।

রায়হান রাফি ও তমা মির্জা দর্শকদের উদ্দেশে বলেন, হলে বসে সিনেমা দেখার আক্ষেপ রয়েছে অনেকের। সে আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে চরকি। এই ওটিটি প্ল্যাটফর্মে ঘরে বসেই সিনেমা দেখার স্বাদ পাবেন। চরকিতে কালজয়ী সিনেমা যেমন রয়েছে, তেমনি নতুন নতুন কনটেন্টও আছে।

রেদওয়ান রনি বলেন, দেশের জল-হাওয়ায় গড়ে ওঠা গল্প-চরিত্রগুলো চরকিতে জায়গা করে নিয়েছে। বিশ্ব এখন ওটিটি প্ল্যাটফর্মের। চরকি যেন বিশ্বে মেড ইন বাংলাদেশ। গতকাল চরকিতে একসঙ্গে উত্তম-সুচিত্রার ১৭টি সিনেমা রিলিজ করা হয়েছে। প্রতি মাসে থাকছে নতুন সব কনটেন্ট চরকিতে। এবারের ঈদ আরও জমে উঠবে।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সন্ধি, অবন্তী ও বহ্নি।

এবারের ঈদ ফ্যাশনে ছিল না আগের মতো প্রথাগত কোনো প্রতিযোগিতা। তার পরিবর্তে চট্টগ্রামের শীর্ষ ১০ ফ্যাশন ডিজাইনারকে সম্মাননা দেওয়া হয়েছে। তাঁরা হলেন এইচ এম ইলিয়াস, আইভি হাসান, রওশন আরা চৌধুরী, সায়মা সুলতানা, নাসরিন সরওয়ার, মনিদীপা দাশ, আমিনা রহমান, মোয়াজ্জেম হোসেন, ফারজানা মালিক ও নূজহাত নূয়েরী কৃষ্টি। তাঁদের বেশির ভাগ প্রথম আলোর ঈদ ফ্যাশন প্রতিযোগিতা থেকে উঠে আসা। তাঁদের নকশা করা পোশাকের সুনাম এখন দেশ-বিদেশে। অনুষ্ঠানে এই ডিজাইনারদের বিভিন্ন সময় পেশাগত সাফল্য ও কাজের বর্ণনা দর্শকদের সামনে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) সাদেক নেওয়াজ, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, হেড অব প্রথম আলো ডিজিটাল জাবেদ সুলতান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মিতা চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো বন্ধুসভা। কোরিওগ্রাফার ছিলেন বুলবুল টুম্পা। রূপচর্চা সহযোগী ছিল পারসোনা।