বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না: রুমিন ফারহানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে আজ বুধবার দুপুরে জামালপুর শহরে শফি মিয়ার বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। এতে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা
ছবি: প্রথম আলো

বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির সাংসদ রুমিন ফারহানা। সর্বশেষ জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, সুষ্ঠু হলো নির্বাচন।

নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে আজ বুধবার দুপুরে জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন রুমিন। আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এ রকম নির্বাচন করে, এ রকম মোনাফিক সরকারকে আমরা আর কোনো সুযোগ দেব না। দিনের ভোট, দিনে দেওয়ার সাহস আপনাদের নেই।’

নিত্যপণ্যের দাম বাড়া প্রসঙ্গে রুমিন বলেন, ‘বিএনপি সরকারের আমলে ১৭ থেকে ২০ টাকা কেজি চাল ছিল। আর এখন ৭০ টাকা কেজি চালের দাম। হাসিনা, তুমি তো কিনে খাইতে পারো, আমার ভাইয়েরা তো কিনে খাইতে পারে না। আমাদের সময় পেঁয়াজের কেজি ছিল ৮ টাকা। এখন সেই পেঁয়াজের কেজি দাঁড়িয়েছে ৫৫ টাকা করে। সেই পেঁয়াজ দিয়ে তোমার (শেখ হাসিনা) ঘরে রান্না হয়। তুমি মশকরা করে বলতে পারো, “পেঁয়াজ খাওয়া কমিয়ে দেন এবং রান্নায় পেঁয়াজ দেওয়ার দরকার নেই।” জনগণের সঙ্গে মশকরা করবেন না। পরিষ্কার বলছি, জনগণের সঙ্গে মশকরার মাশুল কিন্তু অনেক চড়া। জনগণের সঙ্গে মশকরার জন্য ২১ বছর রাস্তায় রাস্তায় ঘুরেছেন, ক্ষমতায় আসতে পারেননি।’

রুমিন আরও বলেন, ‘আপনারা সুষ্ঠু নির্বাচন নিতে ভয় পান। কারণ, আপনারা জানেন, একটু সুষ্ঠু নির্বাচন যদি হয়, ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৯০ আসনের ওপরে পাবে। আপনার গোপালগঞ্জের আসনও ঠিক থাকে কি না, তা আল্লাহই জানেন। বাংলাদেশের একমাত্র নেত্রী খালেদা জিয়া কোনো দিন কোনো আসন থেকে পরাজিত হননি। অন্য নেতা-নেত্রীদের বহু দেখা আছে। আপনাদের সাহস নেই মানুষের ভোটের অধিকার মানুষের হাতে দেওয়ার। আপনাদের সাহস হয় না, একটি নিরপেক্ষ সরকার দেওয়ার। যার অধীনে মোটামুটি একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। আপনারা জানেন, মোটামুটি সুষ্ঠু ভোট হলেও আপনাদের খুঁজে পাওয়া যাবে না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘এই যে নিষেধাজ্ঞা আসছে, এই নিষেধাজ্ঞার কারণে বহু লোক কিন্তু পালানোর চেষ্টা করছে, আবার কিন্তু ফেরত আসছে। টুপি দিয়ে মাথা ঢেকে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেছিল। তারে কেন বিদেশে ঢুকতে দিল না। পরে মাথা নিচু করে ফিরে আসতে হলো। আমরা একটা লুটেরা সরকারের হাতে পড়েছি।’

বেলা একটার দিকে শুরু হওয়া সমাবেশে সকাল থেকেই জেলা শহর বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীলা আসতে থাকে। সমাবেশের সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জলবায়ুবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি খন্দকার কামসুদ আলম প্রমুখ।